ইয়েমেন উপকূলে শরণার্থী নৌকায় সৌদির বোমা বর্ষণ: নিহত ৩১
https://parstoday.ir/bn/news/west_asia-i34618-ইয়েমেন_উপকূলে_শরণার্থী_নৌকায়_সৌদির_বোমা_বর্ষণ_নিহত_৩১
ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় উপকূলে শরণার্থী বোঝাই একটি নৌকায় সৌদি জঙ্গিবিমান বোমা বর্ষণ করেছে। এতে অন্তত ৩১ ব্যক্তি নিহত এবং আরো বহু মানুষ আহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৭, ২০১৭ ১২:২৬ Asia/Dhaka
  • সৌদি বাহিনী অ্যাপাচি হেলিকপ্টার
    সৌদি বাহিনী অ্যাপাচি হেলিকপ্টার

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় উপকূলে শরণার্থী বোঝাই একটি নৌকায় সৌদি জঙ্গিবিমান বোমা বর্ষণ করেছে। এতে অন্তত ৩১ ব্যক্তি নিহত এবং আরো বহু মানুষ আহত হয়েছে।

ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল গতকাল (বৃহস্পতিবার) জানিয়েছে, বাব আল মান্দেব প্রণালীর কাছে সোমালি শরণার্থীদের বহন করে নিয়ে যাওয়া নৌকাটি সৌদি জঙ্গিবিমানের হামলার মুখে পড়লে এসব হতভাগ্য ব্যক্তির প্রাণহানি ঘটে। হতাহতের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে।  

হুদাইদা শহরের একজন স্থানীয় অধিবাসীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি বাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার দিয়ে ওই শরণার্থী নৌকায় হামলা চালায়। শরণার্থীরা ইয়েমেন থেকে সুদানের দিকে যাচ্ছিলেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানিয়েছেন।

এছাড়া, একই দিন ভোরে সৌদি জঙ্গিবিমান ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় আল-হুদাইদা প্রদেশে খাদ্য সামগ্রী বহনকারী একটি ট্রাকে বোমা বর্ষণ করলে ওই ট্রাকের সব যাত্রী নিহত হয় বলে আল-মাসিরা সংবাদ মাধ্যম জানিয়েছে।

ইয়েমেনের পক্ষ থেকে কোনো ধরনের উসকানি ছাড়াই ২০১৫ সালের মার্চ মাস থেকে সেদেশে সামরিক হস্তক্ষেপ শুরু করে সৌদি আরব। দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনে একের পর এক বিমান হামলা চালাতে থাকে। সৌদি বাহিনীর সঙ্গে আরও কয়েকটি আঞ্চলিক দেশ হামলায় অংশ নিচ্ছে। সৌদি নেতৃত্বাধীন আগ্রাসনে এ পর্যন্ত ১২ হাজারের বেশি ইয়েমেনি নিহত হয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৭