ইয়েমেনের সা’দা প্রদেশে ফের সৌদি বিমান হামলা
সৌদি জঙ্গি বিমানগুলো আজ (রোববার) ইয়েমেনের সা’দা প্রদেশের কয়েকটি অঞ্চলে বোমা-হামলা চালিয়েছে।
এইসব বিমান সা’দার রাযাহ্ জেলার বুরকান অঞ্চলে তিন বার বোমা বর্ষণ করে। এ ছাড়াও হারজ্ জেলার মুসাল্লাস আহিমেও বোমা ফেলেছে সৌদি জঙ্গি বিমান। ইয়েমেনের আলমাসিরা টেলিভিশন এসব খবর দিয়েছে।
এইসব হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কোনো তথ্য আমাদের হাতে এসে পৌঁছেনি।
সৌদি সরকার ২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনে নির্বিচার হামলা চালিয়ে আসছে। ইয়েমেনের পদত্যাগী প্রেসিডেন্ট মানসুর হাদিকে ক্ষমতায় বসানোর জন্য এবং মার্কিন ও ইসরাইল-বিরোধী জনপ্রিয় বিপ্লবী আন্দোলন আনসারুল্লাহকে দুর্বল করার লক্ষ্যে এইসব হামলা চালিয়ে যাচ্ছে সৌদি বাহিনী।
সৌদি আগ্রাসনে ইয়েমেনে এ পর্যন্ত কয়েক হাজার শিশু ও নারীসহ প্রায় ১২ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং দেশটির হাসপাতাল, মসজিদ ও স্কুলসহ বেসামরিক অবকাঠামোর বেশিরভাগই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ঘরবাড়ী হারিয়ে লাখ লাখ ইয়েমেনি হয়েছেন শরণার্থী। দেশটিতে বর্তমানে দুর্ভিক্ষাবস্থা বিরাজ করছে। সেখানে খাদ্য ও ওষুধের অভাবে ব্যাপক মানবীয় বিপর্যয় এবং প্রাণহানির আশঙ্কা করছে নানা ত্রাণ সংস্থা ও মানবাধিকার সংগঠন।
ইয়েমেনের নানা সংস্থার সূত্রমতে নির্বিচার সৌদি হামলায় গত দুই বছরে ১৪ হাজার ইয়েমেনি প্রাণ হারিয়েছে। #
পার্সটুডে/মু.আ.হুসাইন/২