ইরান-আরব সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান সংলাপের প্রতি বাহরাইনের সমর্থন
-
বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ বিন মোহাম্মদ আল খালিফা
কুয়েতের মধ্যস্থতায় ইরান এবং পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে চলমান সংলাপ অব্যাহত থাকার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে বাহরাইন। দুই পক্ষের মধ্যে সংলাপের মাধ্যমে ইতিবাচক ফল বয়ে নিয়ে আসবে বলেও জানায় দেশটি।
গতকাল (রোববার) বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ বিন মোহাম্মদ আল খালিফা কুয়েত সফরে এ মন্তব্য করেন বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি গত ১৩ মার্চ সংলাপ সংক্রান্ত বার্তা তার দেশের রাষ্ট্রদূত আলীরেজা এনায়েতির মাধ্যমে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেইখ সাবাহ আল খালিদ আল হামাদ আল-সাবাহর কাছে পাঠিয়েছিলেন। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী পারস্য উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকে একটি বার্তা নিয়ে গত জানুয়ারির শেষের দিকে তেহরান সফরে আসেন। পিজিসিসি এবং ইরানের মধ্যে সংলাপ শুরুর বিষয়ে এ বার্তা ছিল বলে মনে করা হচ্ছে।
তেহরানের সঙ্গে পারস্য উপসাগরীয় দেশগুলোর যৌথ আলোচনা অনুষ্ঠানে কুয়েতের প্রচেষ্টার প্রতি বাহরাইনের সমর্থন রয়েছে বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ। ইরানের সঙ্গে রাজনৈতিক সংলাপ অব্যাহত রয়েছে-এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, চলমান আলোচনার মাধ্যমে ইতিবাচক ফলাফলের ব্যাপারে মানামা আশাবাদী।
এছাড়া, ইরানের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্কের পরিস্থিতি বিষয়ে আসন্ন পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি'র বৈঠকে তুলে ধরা হবে বলে জানান কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী।#
পার্সটুডে/বাবুল আখতার/১৭