সৌদি-মার্কিন সমরাস্ত্র চুক্তির বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের প্রতিক্রিয়া
-
ইসরাইলি জ্বালানীমন্ত্রী ইউয়াল স্টেইনিত্জ
আমেরিকা সৌদি আরবকে ১১,০০০ কোটি ডলারের সমরাস্ত্র দেয়ার যে চুক্তি করেছে তার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে ইহুদিবাদী ইসরাইল।
ইসরাইলি জ্বালানীমন্ত্রী ইউয়াল স্টেইনিত্জ ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে শনিবার স্বাক্ষরিত সমরাস্ত্র চুক্তির প্রতিক্রিয়ায় রোববার বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল আবিব সফরে এলে এ ব্যাপারে তার কাছে ব্যাখ্যা চাওয়া উচিত।
তিনি দাবি করেন, আরব দেশগুলোর সঙ্গে আমেরিকার সম্পর্ক উষ্ণ হয়ে ওঠার একই সময়ে ইসরাইলকে মধ্যপ্রাচ্যে সামরিক দিক দিয়ে শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হবে। ইসরাইলি মন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে ইসরাইলের সম্পর্কের ভবিষ্যত কেউ জানে না এবং ওয়াশিংটন-রিয়াদ সমরাস্ত্র চুক্তি নিঃসন্দেহে তেল আবিবকে অসন্তুষ্ট করেছে।
ইহুদিবাদী জ্বালানীমন্ত্রী এমন সময় এ বক্তব্য দিলেন যখন সৌদি আরব ও ইসরাইল সাম্প্রতিক সময়ে বহুবার ডোনাল্ড ট্রাম্পকে তাদের 'শক্তিশালী মিত্র' বলে অভিহিত করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার রিয়াদে বেশ কয়েকটি সামরিক চুক্তি সই করেন যার মূল্য নির্ধারণ করা হয়েছে ১১,০০০ কোটি ডলার।
মার্কিন ও সৌদি কর্মকর্তারা সমরাস্ত্র বিক্রির এসব চুক্তিকে পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে জরুরি বলে দাবি করেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, ইয়েমেনের নিরপরাধ মানুষকে হত্যার পাশাপাশি ইরাক ও সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে চাঙ্গা করার কাজে এসব সমরাস্ত্র ব্যবহৃত হবে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২