ইরাক আর কখনো ইরানের জন্য শত্রুতার ক্ষেত্র হবে না: এবাদি
-
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, তার দেশ আর কখনো ইরানের জন্য শত্রুতার ক্ষেত্রে পরিণত হবে না। ইরাকের একজন ভাইস প্রেসিডেন্ট ইরান সম্পর্কে বিদ্বেষপূর্ণ মন্তব্য করার পর তিনি এ কথা বললেন।
হায়দার আল-এবাদি বলেন, তিনি কখনো ইরাককে ইরান ও আমেরিকার যুদ্ধক্ষেত্র হতে দেবেন না কিংবা ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক তৎপরতা চালানোর জন্য ইরাককে ব্যবহৃত হতে দেবেন না।
চলতি সপ্তাহের প্রথম দিকে ইরাকের ভাইস প্রেসিডেন্ট আইয়াদ আলাভি অভিযোগ করেছেন, ইরাকের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইরান হস্তক্ষেপ করছে। তিনি বলেন, “আমরা আশা করি কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ ছাড়াই ইরাকের জনগণ তাদের সিদ্ধান্ত গ্রহণ করবে।”
মিশর সফরের সময় তিনি কাতারকে অভিযুক্ত করে বলেছেন, এ দেশটি ইরাককে শিয়া এবং সুন্নি অঞ্চলে বিভক্ত করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে যা ইরানের ভেতরে বাস্তবায়ন করেছে।
ইরান ও কাতারের বিরুদ্ধে আলাভির এসব বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী এবাদি বলেছেন, আলাভি এমন সময় এ বক্তব্য দিলেন যখন কাতার ও মিশরের মধ্যে উত্তেজনা চলছে এবং তার এ বক্তব্য গ্রহণযোগ্য নয়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮