‘লেবানন বা গাজায় হামলা করলে ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে’
-
বিশ্ব কুদস দিবস উপলক্ষে সাইয়্যেদ নাসরুল্লাহ\'র ভাষণ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দক্ষিণ লেবানন, সিরিয়া বা গাজা উপত্যকায় যেকোনো ধরনের হামলা চালালে ইহুদিবাদী ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে।
তিনি শুক্রবার বিশ্ব কুদস দিবস উপলক্ষে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সাইয়্যেদ নাসরুল্লাহ সতর্ক করে দিয়ে বলেন, ইসরাইলের প্রতিটি এলাকা হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে এবং প্রয়োজন হলে গোটা মুসলিম বিশ্ব থেকে প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়বে।
ইহুদিবাদী ইসরাইলের সেনাপ্রধান সম্প্রতি এক বক্তব্যে হিজবুল্লাহকে হুমকি দেয়ার পর এ প্রতিক্রিয়া জানালেন প্রতিরোধ আন্দোলনের মহাসচিব। ইসরাইলি সেনাপ্রধান বলেছিলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে পরবর্তী যেকোনো যুদ্ধে তেল আবিব শুরুতেই তার সর্বশক্তি নিয়োগ করবে।
এ হুমকির জবাবে সাইয়্যেদ নাসরুল্লাহ আরো বলেন, “ইহুদিবাদী ইসরাইল যেন জেনে রাখে সে যদি সিরিয়া অথবা লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে সে যুদ্ধ লেবানন, ইসরাইল বা সিরিয়ায় সীমাবদ্ধ থাকবে না। তবে এর অর্থ এই নয় যে অন্য কোনো দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়বে বরং সারা মুসলিম বিশ্ব থেকে হাজার হাজার এমনকি লাখ লাখ প্রতিরোধ যোদ্ধা ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হবে। ”
হিজবুল্লাহ মহাসচিব একইসঙ্গে একথাও বলেছেন, তিনি কোনো অবস্থাতেই কারো সঙ্গে যুদ্ধ করতে চান না।
২০০৬ সালে দক্ষিণ লেবাননে আগ্রাসন চালাতে গিয়ে হিজবুল্লাহর হাতে চরম মার খেয়ে ইহুদিবাদী ইসরাইল দেশটি থেকে পালিয়ে গিয়েছিল। তারপর থেকে গত ১১ বছর লেবাননে আগ্রাসন চালানোর সাহস দেখায়নি তেল আবিব।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪