শর্তের ব্যাপারে সৌদির কঠোর অবস্থানের নিন্দা জানাল কাতার
-
পররাষ্ট্রমন্ত্রী আলে সানি গতকাল (মঙ্গলবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে বৈঠক করেছেন।
সৌদি আরব এবং তিনটি আরব রাষ্ট্রের পক্ষ থেকে কাতারকে দেয়া দাবি নিয়ে কোনো রকমের আলোচনা হবে না বলে রিয়াদ যে ঘোষণা দিয়েছে তার নিন্দা জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি বলেছেন, সৌদি আরবের অবস্থান অগ্রহণযোগ্য।
এদিকে, পররাষ্ট্রমন্ত্রী আলে সানি গতকাল (মঙ্গলবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে বৈঠক করেছেন। তিনি এক মন্তব্যে বলেন, “সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলো যা উপস্থাপন করেছে তা আন্তর্জাতিক সম্পর্কের পরিপন্থি। কারণ এর আওতায় কেউ এমন কোনো দাবি করতে পারে না যা আলোচনার যোগ্য নয়।"
সন্ত্রাসবাদের প্রতি সমর্থন ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সম্পর্ক রাখাসহ কয়েকটি অভিযোগ তুলে গত ৫ জুন সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে। এখন এসব দেশ সম্পর্ক স্বাভাবিক করার জন্য কাতারকে ১৩ দফা শর্ত দিয়েছে যার মধ্যে আল-জাজিরা নেটওয়ার্ক বন্ধ, ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন ও কাতারে তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধ করার দাবি রয়েছে এবং গত ২৩ জুন থেকে ১০ দিনের মধ্যে এসব দাবি মানার সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, আরব রাষ্ট্রগুলোর পক্ষ থেকে কাতারকে দেয়া দাবি নিয়ে কোনো রকমের আলোচনা হবে না; শুধুমাত্র দোহাকে তা পূরণ করতে হবে।#
পার্সটুডে/বাবুল আখতার/২৮