ইসরাইল অধিকৃত ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘন করছে: জাতিসংঘ প্যানেল
অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি সম্প্রসারণের নিন্দা জানিয়েছে জাতিসংঘের একটি বিশেষ প্যানেল। একই সঙ্গে ইসরাইলি কর্তৃপক্ষ যেভাবে ফিলিস্তিনিদের ওপর কঠোর দমনপীড়ন চালাচ্ছে এবং বিনা বিচারে কারাগারে আটকে রাখছে তারও নিন্দা জানিয়েছে সংস্থাটি।
ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ কমিটি গতকাল (সোমবার) এক প্রতিবেদনে বলেছে, অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইলের বর্বরোচিত নীতি ফিলিস্তিনিদের মানবাধিকার পরিস্থিতির ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। কমিটি তার পর্যবেক্ষণে আরো বলেছে, "ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি শিশুদেরকে নির্বিচারে আটক করছে, অধিকৃত ভূখণ্ডে ফিলিস্তিনিদের কোনোরকম নিরাপত্তা নেই এবং ইসরাইলি কর্তৃপক্ষ নানা অজুহাতে ফিলিস্তিনিদের সাথে অমানবিক আচরণ করছে।"
এছাড়া, জাতিসংঘের বিশেষজ্ঞ তদন্ত কমিটি ইসরাইলের আটক নীতির ব্যাপারেও তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। ইসরাইলের আটক নীতির অধীনে ফিলিস্তিনিদেরকে বিনা বিচারে ইসরাইলের কারাগারগুলোতে আটক করে রাখা হয় এবং ওইসব কারাগারগুলোতে ফিলিস্তিনিদেরকে জটিল পরিস্থিতির মোকাবেলা করতে হয়।#
পার্সটুডে/বাবুল আখতার/১৮