কাতারকে দেয়া নতুন শর্তে কী আছে?
https://parstoday.ir/bn/news/west_asia-i42428-কাতারকে_দেয়া_নতুন_শর্তে_কী_আছে
সৌদি আরব ও তার তিন মিত্র আরব দেশ কাতারকে নতুন করে ছয়টি শর্ত দিয়েছে। দেশগুলো আশা করছে, এসব শর্ত মেনে নেবে কাতার এবং এর মাধ্যমে চলমান সংকটের সমাধান হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৯, ২০১৭ ১৩:৩১ Asia/Dhaka
  • কাতারকে দেয়া নতুন শর্তে কী আছে?

সৌদি আরব ও তার তিন মিত্র আরব দেশ কাতারকে নতুন করে ছয়টি শর্ত দিয়েছে। দেশগুলো আশা করছে, এসব শর্ত মেনে নেবে কাতার এবং এর মাধ্যমে চলমান সংকটের সমাধান হবে।

শর্তগুলোর মধ্যে প্রথমেই বলা হয়েছে- সব ধরনের সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিতে হবে এবং তাদেরকে তহবিলের যোগান ও নিরাপদ আশ্রয় দেয়ার ঘটনা প্রতিরোধ করতে হবে। দ্বিতীয় শর্তে বলা হয়েছে-ঘৃণা-বিদ্বেষ ছড়ায় এমন উসকানিমূলক বক্তব্য থেকে দোহাকে বিরত থাকতে হবে। কাতারকে দেয়া তৃতীয় শর্ত হচ্ছে- ২০১৩ সালে রিয়াদে যে সমঝোতা চুক্তি হয়েছিল তা পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র নজরদারিতে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে।  

চতুর্থ শর্তে বলা হয়েছে-চলতি বছরের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে রিয়াদে যে শীর্ষ সম্মেলন হয়েছে তার ঘোষণাপত্র মেনে চলতে হবে। পঞ্চম শর্ত হচ্ছে- আঞ্চলিক দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা যাবে না এবং নিষিদ্ধঘোষিত বা অবৈধ সংগঠনগুলোকে সমর্থন দেয়া যাবে না। ষষ্ঠ শর্তে আল-জাজিরা টেলিভিশন বন্ধের বিষয়ে বলা হয়েছে- ঘৃণা বিদ্বেষ ও উসকানিমূলক বক্তব্য প্রচারের বিষয়টি বন্ধ হলে আল-জাজিরা বন্ধের প্রয়োজন হবে না অন্যথায় আল-জাজিরা টেলিভিশন চ্যানেল বন্ধ করতে হবে।

কাতারকে এসব দেশ নতুন ছয় শর্ত দেয়ার ফলে দেশগুলো আগের শর্ত থেকে পিছু হটেছে কিনা তা পরিষ্কার নয়। কারণ আগের শর্তের পরিবর্তে নতুন শর্ত দেয়া হয়েছে কিনা এসব দেশ তা পরিষ্কার করে নি। তবে আল-জাজিরা বন্ধের দাবি সম্পর্কে সৌদি নেতৃত্বাধীন দেশগুলোর সুর কিছুটা নরম হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯