সন্ত্রাসীদের চিকিৎসায় সিরিয়ার গোলানে নতুন হাসপাতাল বানাচ্ছে ইসরাইল!
https://parstoday.ir/bn/news/west_asia-i42480-সন্ত্রাসীদের_চিকিৎসায়_সিরিয়ার_গোলানে_নতুন_হাসপাতাল_বানাচ্ছে_ইসরাইল!
সিরিয়ায় আসাদ বিরোধী ও বিদেশী মদদপুষ্ট তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি ইহুদিবাদী ইসরাইলের সব ধরনের সাহায্য সহযোগিতা দিনকে দিন জোরদার এবং বেশি প্রকাশ্য হয়ে উঠছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২০, ২০১৭ ০৯:৩১ Asia/Dhaka
  • ইসরাইলি হাসাপাতালে চিকিৎসাধীন সিরিয়ার যুদ্ধে আহত এক সন্ত্রাসীর সঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাক্ষাৎ
    ইসরাইলি হাসাপাতালে চিকিৎসাধীন সিরিয়ার যুদ্ধে আহত এক সন্ত্রাসীর সঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাক্ষাৎ

সিরিয়ায় আসাদ বিরোধী ও বিদেশী মদদপুষ্ট তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি ইহুদিবাদী ইসরাইলের সব ধরনের সাহায্য সহযোগিতা দিনকে দিন জোরদার এবং বেশি প্রকাশ্য হয়ে উঠছে।

এ বিষয়ে দখলদার ইসরাইলের সশস্ত্র বাহিনী বলেছে, তারা ইসরাইল-বিরোধী সিরিয়ায় আসাদ সরকারের সেনাদের সঙ্গে যুদ্ধে আহত  বিদ্রোহী গেরিলাদের চিকিৎসা সহায়তা দেয়ার জন্য আরব এই দেশটির সীমান্তের ভেতরেই অস্থায়ী হাসপাতাল তৈরি করবে।

বর্ণবাদী ইসরাইলের কর্নেল টমার কোলার গতকাল (বুধবার) এক টেলিফোন কনফারেন্সে সাংবাদিকদের এই খবর দিয়েছেন। তিনি বলেছেন, গোলান উপত্যকায় সিরিয় বেড়ার ভেতরে সিরিয়া-ইসরাইলের সীমান্ত-রেখার ইসরাইলি অংশে এই হাসপাতাল বসাবে ইসরাইল। ইসরাইল সিরিয়ার গোলান অঞ্চলের বিশাল এক অংশ দখল করে রেখেছে ১৯৬৭ সাল থেকে এবং সেখানে যুদ্ধ-বিরতির নিয়ন্ত্রণ-রেখা প্রায়ই লঙ্ঘন করে আসছে।

ইসরাইলি এই সেনা কর্মকর্তা আশা প্রকাশ করে বলেছেন, এই হাসপাতাল আগামী মাসেই চালু করা সম্ভব হবে।

ইসরাইলের কর্নেল টমার কোলার দাবি করেছেন যে তেল-আবিব সিরিয়ার বিদ্রোহীদের মানবীয় সহায়তা দেয়ার অংশ হিসেবে তাদেরকে শত শত টন খাদ্য, পোশাক, জ্বালানী ও বিদ্যুৎ-উৎপাদক জেনারেটরসহ নানা ধরনের যন্ত্রপাতি দিয়েছে। অথচ ইসরাইল ফিলিস্তিনের গাজার ওপর প্রায় বারো বছর ধরে সর্বাত্মক অবরোধ আরোপ করে রাখায় সেখানকার প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি খাদ্য, ওষুধ ও জ্বালানী সংকটসহ নানা সংকটের শিকার হয়ে অকাল মৃত্যু, অপুষ্টি ও বেকারত্বের মতো নানা ধরনের বিপর্যয় মোকাবেলা করছে।

ইসরাইল সিরিয়ার গোলান সীমান্ত অঞ্চলে অনেক আগেই একটি অস্থায়ী হাসপাতাল নির্মাণ করেছিল বলে নানা সংবাদ সূত্র খবর দিয়েছিল। তবে ওই হাসপাতালটি ইসরাইল গত বছর বন্ধ করে দেয়।

ইসরাইল এ পর্যন্ত সিরিয়া যুদ্ধে আহত কয়েক হাজার সন্ত্রাসীকে চিকিৎসা সেবা দিয়েছে বলে কোনো কোনো সূত্র খবর দিয়েছে। গত নয় এপ্রিল ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছিলেন, তেলআবিব মানবিক সহায়তা হিসেবে সিরিয়ার বিদ্রোহীদের চিকিৎসা সহায়তা দেয়া অব্যাহত রাখবে।  

প্রতিশোধমূলক হামলার নামে ইসরাইল প্রায়ই সিরিয়ার গোলান ও দামেস্কসহ নানা অঞ্চলে সরকারি সেনা অবস্থানে হামলা চালাচ্ছে । কিন্তু দামেস্ক বলছে তাকফিরি সন্ত্রাসীদের সহায়তা দেয়ার জন্যই ইসরাইল এইসব হামলা চালিয়ে আসছে। সিরিয়ার সরকারি সেনারা বিভিন্ন সময়ে নানা অভিযানে তাকফিরি সন্ত্রাসীদের কাছ থেকে ইসরাইলি অস্ত্র ও সামরিক সাজ-সরঞ্জাম উদ্ধার করেছে।

সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের সঙ্গে ইসরাইলি সশস্ত্র বাহিনীর যোগাযোগ বেড়ে যাওয়ায়  গতমাসে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, এর ফলে উত্তেজনা বেড়ে যেতে পারে এবং তাতে গোলান পার্বত্য অঞ্চলে মোতায়েন জাতিসংঘের শান্তিরক্ষীরা ক্ষয়ক্ষতির শিকার হতে পারে।

সম্প্রতি মার্কিন ওয়াল স্ট্রিট জার্নালও এক প্রতিবেদনে বলেছে, ইসরাইল গোলান পার্বত্য অঞ্চলে তাকফিরি সন্ত্রাসীদের নিয়মিতভাবে অর্থ ও চিকিৎসা সামগ্রীসহ নানা ধরনের সহায়তা দিয়ে আসছে।

গত বছরের সেপ্টেম্বর মাসে ইসরাইলি দৈনিক হারেৎজ ইসরাইলি সংসদ সদস্য আকরাম হাসুনকে উদ্ধৃত করে জানিয়েছিল যে ইসরাইল তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী  সাবেক আন নুসরা ফ্রন্ট তথা বর্তমান ‘জাবহাত ফাত্‌হ আশ শাম’-এর  সন্ত্রাসীদের সরাসরি সহায়তা দিয়ে আসছে। #