'ইসরাইলি বিধি-নিষেধের অবসান না হওয়া পর্যন্ত আল-আকসায় প্রবেশ নয়'
https://parstoday.ir/bn/news/west_asia-i42828-'ইসরাইলি_বিধি_নিষেধের_অবসান_না_হওয়া_পর্যন্ত_আল_আকসায়_প্রবেশ_নয়'
ইহুদিবাদী ইসরাইল মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদে প্রবেশের ওপর নতুন করে যে প্রতিবন্ধকতা আরোপ করেছে তা অপসারণ না করা পর্যন্ত মসজিদের ভেতরে প্রবেশ না করতে সর্বস্তরের মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছে আল-আকসা মসজিদ বিষয়ক একটি ধর্মীয় ট্রাস্ট।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ২৫, ২০১৭ ১৪:৪৫ Asia/Dhaka
  • ইসরাইলি বাহিনী আল-আকসা মসজিদে মেটাল ডিটেক্টর এবং ক্যামেরা ব্যবহারসহ নতুন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দৃশ্য।
    ইসরাইলি বাহিনী আল-আকসা মসজিদে মেটাল ডিটেক্টর এবং ক্যামেরা ব্যবহারসহ নতুন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দৃশ্য।

ইহুদিবাদী ইসরাইল মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদে প্রবেশের ওপর নতুন করে যে প্রতিবন্ধকতা আরোপ করেছে তা অপসারণ না করা পর্যন্ত মসজিদের ভেতরে প্রবেশ না করতে সর্বস্তরের মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছে আল-আকসা মসজিদ বিষয়ক একটি ধর্মীয় ট্রাস্ট।

আজ (মঙ্গলবার) জেরুজালেম ইসলামিক ওয়াক্‌ফ এক বিবৃতিতে জানিয়েছে, "আল আকসা মসজিদকে কেন্দ্র করে ইসরাইলের আরোপিত বিধি-নিষেধ যতদিন পর্যন্ত বলবৎ থাকবে এর প্রতিবাদ হিসেবে ততদিন পর্যন্ত  কোনো মুসল্লি যেন ওই মসজিদে প্রবেশ না করে। আল-আকসা মসজিদ চলতি মাসের ১৪ জুলাইয়ের আগের অবস্থায় ফিরে না আসা পর্যন্ত এবং পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে মসজিদ সংশ্লিষ্ট ওয়াক্‌ফ টেকনিক্যাল কমিটি এ ব্যাপারে সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত সেখানে যাতে কেউ প্রবেশ না করে।"    

জেরুজালেম  আল-কুদস ভিত্তিক সর্বোচ্চ ইসলামিক কমিটির প্রধান ইকরেমা সাবরি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আল-আকসা মসজিদের সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ পর্যালোচনার ফলাফল আজ (মঙ্গলবার) দিনের শেষে জানানো হবে।

পূর্ব জেরুজালেম বা আল-কুদস শহরে অবস্থিত আল-আকসা মসজিদের আঙিনায় এক রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইহুদিবাদী ইসরাইল গত ১৪ জুলাই মুসলমানদের প্রথম এ কিবলা মসজিদ বন্ধ করে দেয়। এমনকি আল-আকসা মসজিদে মুসল্লিদের জুমার নামাজ আদায় বন্ধ করে দেয় ইসরাইল। অবশ্য এর দু'দিন পর এটি আবার খুলে দেয়া হলেও ইসরাইলি বাহিনী আল-আকসা মসজিদে মেটাল ডিটেক্টর এবং ক্যামেরা ব্যবহারসহ নতুন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। এর পরিপ্রেক্ষিতে মুসলমানরা সেখানে প্রবেশে অস্বীকৃতি জানান এবং প্রতিবাদে তারা মসজিদের বাইরের আঙিনায় নামাজ আদায় করে আসছেন।#

পার্সটুডে/বাবুল আখতার/২৫