আল-আকসা মসজিদ থেকে নিয়ন্ত্রণ প্রত্যাহারে বাধ্য হলো ইসরাইল
-
আল-আকসা মসজিদ থেকে ইসরাইলি নিয়ন্ত্রণ প্রত্যাহার করায় ফিলিস্তিনিদের উল্লাস
গত কয়েকদিনের ব্যাপক-বিক্ষোভ প্রতিবাদ আর সংঘর্ষের পর মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল-আকসা মসজিদের ওপর থেকে নিয়ন্ত্রণ প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে ইহুদিবাদী ইসরাইল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফিলিস্তিনের বার্তা সংস্থা মা’ন জানিয়েছে, আল-আকসা মসজিদের অন্তত একটি গেইট থেকে ইসরাইলি নিরাপত্তা বাহিনী ব্যারিকেড, স্ক্যাফোল্ডিং, উচ্চ-প্রযুক্তির ক্যামেরা এবং মেটাল ডিটেক্টর সরিয়ে নিয়েছে। এ ঘটনায় উল্লাস প্রকাশ করে ফিলিস্তিনিরা সেখানে মিছিল করেছে।
আনন্দ মিছিলে অংশ নেয়া এক ব্যক্তি জানান, “গত ১২ দিন ধরে আমরা কেউ ঘুমাই নি, আল-আকসা মসজিদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ইসরাইলি পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ করা ছাড়া আমরা কেউ কোনো কাজ করি নি।”
পূর্ব জেরুজালেম বা আল-কুদস শহরে অবস্থিত আল-আকসা মসজিদের আঙিনায় এক রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইহুদিবাদী ইসরাইল গত ১৪ জুলাই মুসলমানদের প্রথম কিবলা বন্ধ করে দেয়। এমনকি আল-আকসা মসজিদে মুসল্লিদের জুমার নামাজ আদায়ও বন্ধ করে দেয় ইসরাইল। অবশ্য এর দু'দিন পর এটি আবার খুলে দেয়া হলেও ইসরাইলি বাহিনী আল-আকসা মসজিদে মেটাল ডিটেক্টর এবং ক্যামেরা ব্যবহারসহ নতুন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। এর পরিপ্রেক্ষিতে মুসলমানরা সেখানে প্রবেশে অস্বীকৃতি জানান এবং প্রতিবাদে তারা মসজিদের বাইরের আঙিনায় নামাজ আদায় করে আসছিলেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭