আল-আকসায় আগ্রাসন আরব-ইসরাইল সম্পর্কের ফল
-
আবদুল্লাহিয়ানের সঙ্গে বৈঠকে হিজহবুল্লাহ মহাসচিব
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, পবিত্র আল-আকসা মসজিদে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসী তৎপরতা হচ্ছে তেল আবিবের সঙ্গে কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার ফল। আল-আকসা মসজিদে ইহুদিবাদীদের আগ্রাসী কর্মকাণ্ডকে তিনি ইসরাইল ও ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের মধ্যকার কথিত শান্তি আলোচনার পরিণতি বলেও মন্তব্য করেন।
গতকাল (বুধবার) লেবাননের রাজধানী বৈরুতে ইরানের জাতীয় সংসদের স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ উপদেষ্টা হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, ইহুদিবাদীদের সাম্প্রতিক তৎপরতা আন্তর্জাতিক অঙ্গন থেকে ব্যাপক নিন্দাবাদ ও ফিলিস্তিনি জনগণের ব্যাপক প্রতিবাদের মুখে নস্যাৎ হয়েছে।
হিজবুল্লাহ মহাসচিব বলেন, ইসরাইল কয়েকটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে; একই সময়ে তারা এসব দেশকে ধ্বংসের প্রাচেষ্টা চালোচ্ছে। মধ্যপ্রাচ্যে বিভক্তি সৃষ্টি ও মানচিত্র পরিবর্তনের ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, এ ধরনের পরিকল্পনা শুধুমাত্র শত্রুদের চক্রান্ত বাস্তবায়নে সাহায্য করবে। এ সময় তিনি মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বে শত্রুদের ষড়যন্ত্র চিহ্নিত করা এবং তা মোকাবেলার পদক্ষেপ নেয়ার জন্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর প্রশংসা করেন। নাসরুল্লাহ বলেন- ফিলিস্তিন, লেবানন ও সিরিয়া ইস্যু সরাসরি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং স্থিতিশীলতার সঙ্গে জড়িত।
বৈঠকে আমির আবদুল্লাহিয়ান বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় হিজবুল্লাহ যে ভূমিকা রেখে চলেছে তা অবশ্যই প্রশংসনীয়। তিনি আরো বলেন, সিরিয়া ও ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ এবং চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে ইরান তার পক্ষ থেকে সহায়তা দেয়ার পাশাপাশি সমস্যার রাজনৈতিক সমাধানের জন্য সমস্ত কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩