ইরান-সৌদি দ্বন্দ্ব নিরসনে ইরাককে মধ্যস্থতা করার প্রস্তাব দিল রিয়াদ
https://parstoday.ir/bn/news/west_asia-i44098-ইরান_সৌদি_দ্বন্দ্ব_নিরসনে_ইরাককে_মধ্যস্থতা_করার_প্রস্তাব_দিল_রিয়াদ
ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী কাসিম আল-আরাজি বলেছেন, ইরান-সৌদি আরব দ্বন্দ্ব নিরসনে বাগদাদকে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে রিয়াদ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৪, ২০১৭ ০২:০৪ Asia/Dhaka
  • ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রীর (বামে) সঙ্গে করমর্দন করছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী
    ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রীর (বামে) সঙ্গে করমর্দন করছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী

ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী কাসিম আল-আরাজি বলেছেন, ইরান-সৌদি আরব দ্বন্দ্ব নিরসনে বাগদাদকে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে রিয়াদ।

ইরাক সফররত ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুররেজা রাহমানি ফাজলির সঙ্গে বাগদাদে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। কাসিম আল-আরাজি বলেন, সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান তাকে আনুষ্ঠানিকভাবে তেহরানের সঙ্গে রিয়াদের আলোচনার ব্যবস্থা করে দেয়ার প্রস্তাব দিয়েছেন।

২০১৬ সালের জানুয়ারি মাসে প্রখ্যাত সৌদি শিয়া আলেম শেখ নিমর আন-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের জের ধরে রিয়াদ ও তেহরানের সম্পর্কে তীব্র উত্তেজনা দেখা দেয় এবং এক পর্যায়ে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব।

ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এ ব্যাপারে সালমানকে ইরানের দৃষ্টিভঙ্গি জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, সম্পর্ক স্বাভাবিক করার জন্য সদিচ্ছার মনোভাব হিসেবে এ বছর ইরানি হাজীদের সঙ্গে উত্তম আচরণ করার পাশাপাশি তাদেরকে মদীনার জান্নাতুল বাকি জিয়ারত করতে দিতে হবে। 

এর জবাবে সৌদি যুবরাজ ইরানের এসব দাবি মেনে নিতে রাজি হয়েছেন বলে জানান ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মুসলিম উম্মাহর স্বার্থেই দুই বৃহৎ মুসলিম দেশ ইরান ও সৌদি আরবের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত।

যৌথ সংবাদ সম্মেলনে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি কর্তৃপক্ষকে তার দেশের হাজীদের সঙ্গে উত্তম আচরণ করার আহ্বান জানিয়ে বলেছেন, তেহরান কখনো আগ বাড়িয়ে রিয়াদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪