মারকেলের বিরুদ্ধে ভোট দিতে বললেন এরদোগান
-
সাংবাদিকদের সঙ্গে আলাপ করছেন এরদোগান
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের বিরুদ্ধে আসন্ন নির্বাচনে ভোট দেয়ার জন্য জার্মানিতে বসবাসকারী তুর্কি বংশোদ্ভূত নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি বলেছেন, মারকেলের দল হচ্ছে তুরস্কের শত্রু।
এরদোগান বলেন, “ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট দল এবং গ্রিন পার্টি এরা হচ্ছে তুরস্কের শত্রু। জার্মানিতে বসবাসকারী আমার দেশের সবাইকে আহ্বান জানাচ্ছি- আপনারা তাদেরকে সমর্থন দেবেন যারা তুরস্কের শত্রু নয়।” ইস্তাম্বুলে আজ (শুক্রবার) জুমা নামাজ শেষে এরদোগান সাংবাদিকদের এসব কথা বলেন।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, “ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট এবং গ্রিন পার্টি এগুলো হচ্ছে তার দেশের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব পোষণ করে এবং তুরস্ককে অসম্মান করে। এ কারণে এসব দলকে শিক্ষা দেয়ার জন্য আমি তুর্কি বংশোদ্ভুত নাগরিকদের প্রতি আহ্বান জানাই।”
আগামী ২৪ সেপ্টেম্বর জার্মানিতে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। টানা চতুর্থবারের মতো চ্যান্সেলর পদে অ্যাঙ্গেলা মারকেল প্রতিদ্বন্দ্বিতা করবেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮