কাতার এয়ারলাইন্সকে হজযাত্রী পরিবহনের অনুমতি দিতে হবে: সৌদিকে কাতার
https://parstoday.ir/bn/news/west_asia-i44610-কাতার_এয়ারলাইন্সকে_হজযাত্রী_পরিবহনের_অনুমতি_দিতে_হবে_সৌদিকে_কাতার
কাতারের হজযাত্রীদেরকে পবিত্র মক্কায় পরিবহনের জন্য সৌদি আরব তার নিজস্ব এয়ারলাইন্স ব্যবহারের প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে কাতার বলেছে, দেশের হজযাত্রীদেরকে কাতার এয়ারলাইন্স পরিবহন করবে এবং এ বিষয়ে সৌদি আরবকে অবশ্যই অনুমতি দিতে হবে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ২২, ২০১৭ ০৮:১৭ Asia/Dhaka
  • কাতার এয়ারলাইন্সের  একটি বিমান
    কাতার এয়ারলাইন্সের একটি বিমান

কাতারের হজযাত্রীদেরকে পবিত্র মক্কায় পরিবহনের জন্য সৌদি আরব তার নিজস্ব এয়ারলাইন্স ব্যবহারের প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে কাতার বলেছে, দেশের হজযাত্রীদেরকে কাতার এয়ারলাইন্স পরিবহন করবে এবং এ বিষয়ে সৌদি আরবকে অবশ্যই অনুমতি দিতে হবে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বিষয়ক পরিচালক আহমাদ আল-রুমাহি বলেন, “এটাই স্বাভাবিক রেওয়াজ যে, যেকোনো দেশের হজযাত্রীরা নিজেদের বিমান, জাহাজ কিংবা স্থলযানে করে সৌদি আরবে হজ পালন করতে যাবেন। সে ক্ষেত্রে কাতারের হজযাত্রীদেরকে সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে পরিবহনের প্রস্তাব গ্রহণযোগ্য নয়।”

সৌদি আরব দুদিন আগে বলেছে, কাতার থেকে হজযাত্রী পরিবহনে সৌদি এয়ারলাইন্সকে বাধা দিচ্ছে দেশটির সরকার। কাতার এ অভিযোগ নাকচ করার পর গতকাল (সোমবার) আহমাদ আল-রুমাহি কাতার এয়ারলাইন্সকে হজযাত্রী পরিবহনের অনুমতি দেয়ার কথা বললেন। তিনি বলেন, কাতারের হজযাত্রীরা কাতার এয়ারলাইন্সে সৌদি আরব যাবেন নাকি অন্য কোনো বিমানে যাবেন তা তারাই ঠিক করবেন। এ ক্ষেত্রে সৌদি আরব কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না।

গত সপ্তাহে হজ পালনের জন্য কাতারের সীমান্ত খুলে দেয়ার ঘোষণা দেয় সৌদি আরব। কিন্তু এখনো কিছু বিধিনিষেধ আরোপ করে রেখেছে। এর অন্যতম হচ্ছে- কাতারের হজযাত্রীদেরকে শুধুমাত্র একটি এয়ারলাইন্স ব্যবহারে বাধ্য করছে সৌদি আরব।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২