ক্ষেপণাস্ত্র কারখানা নিয়ে ইরানের বিরুদ্ধে ইসরাইলের অভিযোগ; নাকচ করলেন হারিরি
-
সাদ হারিরি
ইসলামি প্রজাতন্ত্র ইরান লেবাননের ভেতরে ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা নির্মাণ করছে বলে ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে তোলা দাবি নাকচ করে দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। তিনি বলেছেন, তেল আবিবের এ বক্তব্য ইরান-বিরোধী ‘চাতুরিপূর্ণ প্রচারণা’ ছাড়া আর কিছুই নয়।
ফ্রান্সের লা মন্ডে পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে সাদ হারিরি বলেন, লেবাননে কোনো ক্ষেপণাস্ত্রের কারখানা নেই তা ইসরাইল খুব ভালো করেই জানে। তার এ সাক্ষাৎকার গতকাল (শুক্রবার) ফরাসি পত্রিকায় ছাপা হয়েছে।
চলতি সপ্তাহে আল-কুদস শহরে জাতিসংঘ মহাসচিব অ্যান্থোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকের সময় ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, সিরিয়া ও লেবাননে গাইডেড মিসাইলের কারখানা তৈরি করছে ইরান। ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যানও গুতেরেসের সঙ্গে বৈঠকের সময় একই অভিযোগ করেছেন। তারা দুজনই বলেছেন, ইরান যে ক্ষেপণাস্ত্রের কারখানা গড়ে তুলছে তা থেকে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম গাইডেড ক্ষেপণাস্ত্র উৎপাদন করা যাবে।
পরে ইসরাইলের গণমাধ্যম দাবি করেছে, ক্ষেপণাস্ত্র কারখানা স্থাপনের বিষয়ে আপত্তি জানিয়েছেন সাদ হারিরি। কিন্তু হারিরি ফরাসি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে পরিষ্কার করে বলেছেন, ইসরাইল চাতুরিপূর্ণ প্রচারণা চালাচ্ছে। হিজবুল্লাহ সম্পর্কেও ইসরাইলের একটি বক্তব্য নাকচ করেন সাদ হারিরি। তিনি বলেন, ইসরাইল দাবি করে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ নিয়ন্ত্রণ করছে লেবানন; কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। সরকারই দেশ চালাচ্ছে এবং লেবাননের সরকারের প্রতি হিজবুল্লাহর সমর্থন রয়েছে। তবে এর অর্থ এই নয় যে, হিজবুল্লাহ দেশকে নিয়ন্ত্রণ করছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২