দায়েশের ২২ কমান্ডারকে ‘বিমান লিফ্ট’ দিল আমেরিকা
-
মার্কিন হেলিকপ্টার (ফাইল ফটো)
সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-জোর প্রদেশ থেকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অন্তত ২২ জন কমান্ডারকে হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে আমেরিকা। সিরিয়ার সরকারি সেনাদের অগ্রাভিযানের মুখে মার্কিন সেনারা এ কাজ করল।
একটি সামরিক ও কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে রাশিয়ার স্পুৎনিক বার্তা সংস্থা বৃহস্পতিবার বলেছে, সিরিয়ার সেনাদের সফল অভিযানের মুখে আমেরিকার সেনারা দায়েশ সন্ত্রাসীদেরকে নিরাপদ অঞ্চলে নিয়ে গেছে।
অজ্ঞাত ওই সূত্র বলেছে, গত ২৬ আগস্ট প্রথম দুই দায়েশ সন্ত্রাসীকে হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে পৌঁছে দেয় এবং আমেরিকা এ পর্যন্ত অন্তত তিনদফা সন্ত্রাসীদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দিল। প্রথম দিন ইউরোপীয় বংশোদ্ভূত দুই দায়েশ কমান্ডার ও তাদের পরিবারকে দেইর আয-জোর থেকে হেলিকপ্টারে করে নিরাপদে সরিয়ে নেয় মার্কিন সেনারা।
এরপর ২৮ আগস্ট এ ধরনের আরেক অভিযানে দায়েশের ২০ জন কমান্ডারকে সরিয়ে নেয় আমেরিকা। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজরাভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর দিয়েছিল। তবে আমেরিকা এসব খবর মিথ্যা বলে নাকচ করেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮