ইসরাইলি হামলা বন্ধে ব্যবস্থা নিন: জাতিসংঘকে সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i45419-ইসরাইলি_হামলা_বন্ধে_ব্যবস্থা_নিন_জাতিসংঘকে_সিরিয়া
সিরিয়ার অভ্যন্তরে ইহুদিবাদী ইসরাইলের দফায় দফায় বিমান হামলা বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে বাশার আল-আসাদের সরকার। ইসরাইলের এসব হামলার কারণে সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই বাধাগ্রস্ত হচ্ছে এবং সন্ত্রাসীরা শক্তি অর্জনের সুযোগ পাচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০১৭ ০৭:৫৫ Asia/Dhaka
  • ইসরাইলি জঙ্গিবিমান
    ইসরাইলি জঙ্গিবিমান

সিরিয়ার অভ্যন্তরে ইহুদিবাদী ইসরাইলের দফায় দফায় বিমান হামলা বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে বাশার আল-আসাদের সরকার। ইসরাইলের এসব হামলার কারণে সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই বাধাগ্রস্ত হচ্ছে এবং সন্ত্রাসীরা শক্তি অর্জনের সুযোগ পাচ্ছে।

জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতিকে গতকাল (বৃহস্পতিবার) লেখা এক চিঠিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এসব কথা বলেছে। বুধবার দিবাগত রাতে সিরিয়ার হামা প্রদেশের একটি সামরিক অবস্থানে ইসরাইল বিমান হামলা চালানোর পর সিরিয়া এ চিঠি দিল। ইসরাইলের ওই হামলায় সিরিয়ার অন্তত দুজন সেনা নিহত হয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, হামা প্রদেশের মাসইয়াফ শহরের একটি সামরিক স্থাপনায় ইসরাইলের বিমান থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর দুই সেনা নিহত ও সামরিক স্থাপনার নানামুখী ক্ষতি হয়েছে। ইসরাইলের এ ধরনের হামলার মাধ্যমে উগ্র সন্ত্রাসীদের মনোবল বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। সিরিয়ার সরকার বলেছে, যখন দেইর আয-জোরে সন্ত্রাসীরা সিরিয়ার সেনাবাহিনীর কাছে পরাজিত হয়েছে তখন তাদের মনোবল চাঙ্গা করার জন্য এ হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলের পক্ষ থেকে বার বার এ ধরনের হামলার পরও নিরাপত্তা পরিষদ চূড়ান্ত কোনো পদক্ষেপ নেবে না এবং এ ধরনের অপরাধের অবসান হবে না তা গ্রহণযোগ্য হতে পারে না।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮