ফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্বের নিন্দা জানাল জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/west_asia-i45861-ফিলিস্তিনে_ইসরাইলি_দখলদারিত্বের_নিন্দা_জানাল_জাতিসংঘ
অধিকৃত ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের ৬০ বছরেরও বেশি সময় ধরে চলা দখলদারিত্বের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০১৭ ১৬:০৬ Asia/Dhaka
  • ফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্বের নিন্দা জানাল জাতিসংঘ

অধিকৃত ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের ৬০ বছরেরও বেশি সময় ধরে চলা দখলদারিত্বের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। 

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন বা আঙ্কটাডের (UNCTAD) এক নতুন প্রতিবেদনে পশ্চিম তীর ও পূর্ব বায়তুল মুকাদ্দাসর ওপর ইসরাইলি দখলদারিত্বের নিন্দা জানানো হয় এবং এসব অঞ্চলে ইসরাইলি অভিবাসীদের জন্য উপশহর নির্মাণকে ফিলিস্তিনের উন্নয়ন ও অগ্রগতির পথে বড় বাধা বলে উল্লেখ করা হয়েছে।

আঙ্কটাডের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইল এখনও ফিলিস্তিনিদের ওপর নিজ আইন-কানুন চাপিয়ে দিচ্ছে। এর ফলে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের সুরাহা খুঁজে পাওয়ার আশার পরিবর্তে দখলদারিত্ব দীর্ঘ হচ্ছে এবং ফিলিস্তিনিদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা আরও শোচনীয় হয়েছে। 

আঙ্কটাডের ওই প্রতিবেদনে অধিকৃত অঞ্চলে ইসরাইলি অভিবাসীদের জন্য অবৈধ উপশহর নির্মাণ বন্ধ করার ব্যাপারে গত বছরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দাবির কথা স্মরণ করিয়ে দেয়া হয় এবং এ ধরনের বেআইনি উপশহর নির্মাণ অব্যাহত রাখাটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে। 

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে ইহুদিবাদীদের জন্য ফিলিস্তিনি ভূখণ্ডে উপশহর নির্মাণের মাত্রা ৪০ শতাংশ বেড়েছে। ফলে ফিলিস্তিনিদের ১০৯৪টি ভবন ধ্বংস হয়েছে এবং এতে গৃহহারা হয়েছে ১৬০০ ফিলিস্তিনি যাদের অর্ধেকই হল শিশু।

জাতিসংঘসহ বিশ্বের অনেক দেশ ফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটানোর দাবি জানিয়ে আসলেও ইসরাইল ফিলিস্তিনিদের ভূমি দখল এবং ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী পশ্চিম তীরে ও পূর্ব বায়তুল মুকাদ্দাসে ও সিরিয়ার গোলানে ইসরাইলি দখলদারিত্ব অবৈধ। কিন্তু সংগ্রামী ফিলিস্তিনি দলগুলো মনে করে গোটা ফিলিস্তিনের যে কোনও অংশেই ইসরাইলের অস্তিত্ব পুরোপুরি অবৈধ। #

পার্সটুডে/এমএএইচ/১৪