সৌদি আরবের অর্থনৈতিক প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে বেকারত্ব: আইএমএফ
সৌদি আরবের অর্থনৈতিক প্রবৃদ্ধি দুর্বল এবং দেশটিতে বেকারত্ব বাড়ছে। এ প্রেক্ষাপটে এক প্রতিবেদনে আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ রিয়াদকে ব্যয় কমানোর পদক্ষেপ নিয়ে ধীরে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। বিশাল বাজেট ঘাটতি মেটাতে এ পদক্ষেপ নিয়েছে দেশটি।
সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক শলাপরামর্শ করার সর্বশেষ প্রতিবেদন গতকাল প্রকাশ করেছে আইএমএফ। এতে বলা হয়েছে ২০১৭ সালে তেল বহির্ভূত খাতে সৌদি আরবের প্রবৃদ্ধি ২ শতাংশের নিচে হবে। এ ছাড়া, সামগ্রিক অর্থনৈতিক খাতে প্রবৃদ্ধি শূন্যের কাছে আসবে বলেও আশংকা করা হয়েছে। ২০১৫ সালে তেল বহির্ভূত সৌদি আরবের ৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।
প্রতিবেদনের সৌদি আরবের বেকারত্বের হার ১২.৪ শতাংশ বলে উল্লেখ করা হয়েছিল। তেল-সমৃদ্ধ দেশটিতে ব্যয় কমানোর সাথে পাল্লা দিয়ে কর এবং ফি বাড়ানো হচ্ছে। ২০২০ সালের মধ্যে বাজেট ঘাটতি কমানোকে সামনে রেখে এসব পদক্ষেপ নেয়া হচ্ছে। ২০১৫ সালে দেশটির বাজেট ঘাটতির পরিমাণ ৯৮০০ কোটি ডলারে দাঁড়িয়েছিল।
আইএমএফের সৌদি মিশনের প্রধান টিম কলেন বলেন, বাজেট ঘাটতি হয়ত কমছে কিন্তু অর্থনৈতিক পদক্ষেপের সঙ্গে তাল রাখার সময় পাচ্ছে না দেশটির পরিবার এবং ব্যবসায়ী সংস্থাগুলো। পরিকল্পিত অর্থনৈতিক পদক্ষেপ আরো ধীরে নেয়া উচিত বলে জানান তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/৬