ইয়েমেনে সৌদি বাহিনীর হামলায় আরো এক ডজন ব্যক্তি নিহত
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশের একটি আবাসিক এলাকায় সৌদি বাহিনীর জঙ্গিবিমান হামলায় নতুন করে আরো এক ডজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। হামলায় আরো বহু ব্যক্তি আহত হয়েছে।
স্থানীয় একাধিক অস্ত্র আরবি ভাষার সংবাদ মাধ্যম আল মাসিরা টেলিভিশন চ্যানেলকে জানিয়েছে, সৌদি জঙ্গিবিমান আজ শনিবার বিকেলে রাজধানী সানার ৩৪৬ কিলোমিটার দক্ষিণে বন্দর নগরী মোখার আল-জাহিরা এলাকার একটি বাড়িতে বোমা বর্ষণ করলে এসব ব্যক্তি হতাহত হয়। সূত্রগুলো জানিয়েছে, হতাহতদের মধ্যে নারী ও শিশু ছিল।
এছাড়া, বোমা হামলায় ধ্বংসস্তুপে পরিণত হওয়া ভবন থেকে আটকে পড়া ব্যক্তিদের কান্নার আহাজারি শুনা যাচ্ছিল। জীবন বাঁচাতে তারা তাদের আত্মীয়-স্বজনদের কাছে সাহায্যের আকুতি জানাচ্ছিল।
২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে হামলা শুরু করেছে সৌদি আরব। সৌদি হামলায় ১২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া, শরণার্থীতে পরিণত হয়েছেন আরও লাখ লাখ মানুষ। এর বাইরেও মৌলিক অবকাঠামো ধ্বংস করে দেয়া হচ্ছে।#
পার্সটুডে/বাবুল আখতার/৭