কাতারে সরকার পরিবর্তনের চেষ্টা করছে সৌদি আরব: পররাষ্ট্রমন্ত্রী
-
কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আলে সানি
সৌদি আরবের পক্ষ থেকে দোহার সরকার পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আলে সানি। সেই সঙ্গে তিনি বলেন, কাতারের জনগণের বিরুদ্ধে বল প্রয়োগের উদ্দেশ্যেই দোহার বিরুদ্ধে সৌদি আরব এবং তার মিত্রগুলো অবরোধ দিয়ে রেখেছে।
গত সোমবার মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসি'কে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আলে সানি সৌদি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, কাতার সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়তে তার দেশের জনগণকে নানাভাবে উসকানি দিচ্ছেন তারা।
তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি, সৌদি কর্মকর্তারা কাতারের সরকার পরিবর্তনের কথা বলাবলি করছে। তিনি বলেন, আমরা এও দেখতে পাই যে একটি দেশ অন্ধকার যুগের গোত্র প্রথা ফিরিয়ে আনার চেষ্টা করছে।
কাতারের এ শীর্ষস্থানীয় কূটনীতিক আরো বলেন, আলোচনার মাধ্যমে চলমান সংকট নিরসনের জন্য দোহা চেষ্টা চালিয়ে আসছে। কিন্তু কাতারকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয়ার চেষ্টা করছে সৌদি আরব। তিনি আরো বলেন, অবরোধকারীরা এ অঞ্চলে সন্ত্রাসবাদ নির্মূল বাদ দিয়ে তারা বরং কাতারের বিরুদ্ধে বল প্রয়োগের নীতি অব্যাহত রেখেছে।
কাতারের বিরুদ্ধে নেয়া সৌদি আরব নেতৃত্বাধীন দেশগুলোর পদক্ষেপগুলো উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলেও মন্তব্য করেছেন আলে সানি। #
পার্সটুডে/বাবুল আখতার/১৮