‘ইরান-বিরোধী মার্কিন নীতির প্রতি সৌদি রাজা জোরালো সমর্থন দিয়েছেন’
https://parstoday.ir/bn/news/west_asia-i47765-ইরান_বিরোধী_মার্কিন_নীতির_প্রতি_সৌদি_রাজা_জোরালো_সমর্থন_দিয়েছেন’
আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ ইরান-বিরোধী মার্কিন নীতির প্রতি জোরালো সমর্থন দিয়েছেন। রিয়াদে সৌদি রাজা সালমানের সঙ্গে বৈঠকের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়েরের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে টিলারসন এ কথা বলেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
অক্টোবর ২২, ২০১৭ ২৩:০৩ Asia/Dhaka
  • টিলারসন ও আদেল আল-জুবায়ের
    টিলারসন ও আদেল আল-জুবায়ের

আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ ইরান-বিরোধী মার্কিন নীতির প্রতি জোরালো সমর্থন দিয়েছেন। রিয়াদে সৌদি রাজা সালমানের সঙ্গে বৈঠকের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়েরের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে টিলারসন এ কথা বলেন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে ইরানের ক্ষতিকর আচরণ মোকাবেলায় সৌদি রাজা এ সমর্থন দিয়েছেন। টিলারসন আরো বলেন, ইরাকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছে; এখন দেশটি থেকে ইরানসহ বাইরের সব দেশের চলে যাওয়া উচিত। তিনি বলেন, যেকোনো দেশের যোদ্ধাদের ইরাক ছাড়া উচিত এবং ইরাকের জনগণকে দেশটির নিয়ন্ত্রণ নেয়ার সুযোগ দিতে হবে। তবে তিনি ‘সবাই’ বলতে আর কোন দেশের যোদ্ধাদের বুঝিয়েছেন তা পরিষ্কার করেন নি। ইরাকে এখনো কয়েক হাজার মার্কিন সেনা রয়েছে এবং তারা দায়েশ-বিরোধী লড়াইয়ে ইরাকি সেনাদেরকে সাহায্য করেছে বলে দাবি করছে ওয়াশিংটন। মার্কিন সেনারাও চলে যাবে কিনা টিলারসন তা বলেন নি।

এদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র বিরুদ্ধে আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে তা মেনে চলতে ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন টিলারসন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করার ক্ষেত্রে অনেক বড় ঝুঁকি রয়েছে। সংবাদ সম্মেলনে টিলারসন তার ভাষায় বলেন, আইআরজিসি মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩