ইরাক-সৌদি সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ: স্বাগত জানাল ইরান
-
সৌদি রাজা ও ইরাকি প্রধানমন্ত্রী (সামনে থেকে ডানে)
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ইরাক ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি সৌদি আরবের ধ্বংসাত্মক ও অগঠনমূলক আচরণ বন্ধ করার জন্য রিয়াদের প্রতি আহ্বান জানান।
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি সৌদি আরব সফর করার পর ইরানসহ এ অঞ্চলে এ সফরের সম্ভাব্য প্রভাব সম্পর্কে টুইটার বার্তায় এসব কথা বলেন আবদুল্লাহিয়ান। তিনি বলেন, যদি ইরাক ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক হয় এবং রিয়াদের ধ্বংসাত্মক ও অগঠনমূলক আচরণ বন্ধ হয় তাহলে তা হবে একটা ইতিবাচক ঘটনা।
ইরাকের প্রধানমন্ত্রী এবাদি গতকাল (রোববার) সৌদি আরব সফর করেন এবং তিনি সৌদি-ইরাক কোঅর্ডিনেশন কাউন্সিলের বৈঠকে যোগ দেন। ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনও যোগ দেন। দুই যুগেরও বেশি সময় পর ইরাক ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ঘনিষ্ঠ হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, সিরিয়া থেকে ইয়েমেন পর্যন্ত এলাকায় সৌদি আরব যে প্রভাব বিস্তার করতে চাইছে তার অংশ হিসেবে ইরাকের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নিয়েছে।
এ সম্পর্কে আবদুল্লাহিয়ান বলেন, সৌদি আরবের সঙ্গে ইরাকের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার কারণে ইরান মোটেই চিন্তিত নয় বরং বাগদাদের সঙ্গে তেহরানের মধ্যে কৌশলগত সম্পর্ক অত্যন্ত মজবুত ও টেকসই।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩