ইয়েমেনে যুদ্ধ চলবে বললেন সৌদি যুবরাজ: 'সানায় তাবেদার সরকার চায় রিয়াদ'
https://parstoday.ir/bn/news/west_asia-i47919-ইয়েমেনে_যুদ্ধ_চলবে_বললেন_সৌদি_যুবরাজ_'সানায়_তাবেদার_সরকার_চায়_রিয়াদ'
ইয়েমেনে যুদ্ধ অব্যাহত থাকবে বলে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যে বক্তব্য দিয়েছেন দেশটির হুথি আনসারুল্লাহ আন্দোলন তার কঠোর নিন্দা করেছে। আনসারুল্লাহ্ বলেছে, সানায় আরেকটি তাবেদার সরকার চায় রিয়াদ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৭, ২০১৭ ১৫:২৭ Asia/Dhaka
  • সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান
    সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

ইয়েমেনে যুদ্ধ অব্যাহত থাকবে বলে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যে বক্তব্য দিয়েছেন দেশটির হুথি আনসারুল্লাহ আন্দোলন তার কঠোর নিন্দা করেছে। আনসারুল্লাহ্ বলেছে, সানায় আরেকটি তাবেদার সরকার চায় রিয়াদ।

 

হুথি মুখপাত্র মোহাম্মদ আবদেলসালাম

এর আগে,মোহাম্মদ বিন সালমান বলেছিলেন, তার ভাষায়, ইয়েমেনের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধ করার কোনো ইচ্ছা সৌদি আরবের নেই। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে আরো বলেছিলেন, হুথিদের নির্মূল করে রিয়াদের মিত্র সাবেক ইয়েমেনি সরকারকে ক্ষমতায় নিয়ে আসতে চায় সৌদি আরব।

তার এ বক্তব্যের জবাবে হুথির পদস্থ মুখপাত্র মোহাম্মদ আবদেলসালাম বলেন, আলে সৌদ এবং আমেরিকার হুকুম পালন করবে ইয়েমেনে এমনই আরেকটি তাবেদার সরকার চায় রিয়াদ।

তিনি আরো বলেন, ইয়েমেনের ওপর হারানো আধিপত্য আবারো ফিরে পেতে চায় রিয়াদ। পাশাপাশি বিন সালমানের বক্তব্যকে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য লজ্জাকর বলেও জানান তিনি। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ইয়েমেনে চলমান সৌদি আগ্রাসন বন্ধ করতে ব্যর্থ হয়েছে।

এ ছাড়া, রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে সৌদি যুবরাজ লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার সঙ্গে আনসারুল্লার তুলনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন, হুথিদের আরেকটি হিজবুল্লাহ হতে না দেয়ার জন্যেই ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ করছে সৌদি আরব।

এ বক্তব্যের প্রতি ইংগিত করে মোহাম্মদ আবদেলসালাম বলেন, হিজবুল্লাহর সঙ্গে আনসারুল্লাহ্‌ তুলনা করে সৌদি যুবরাজ প্রমাণ করেছেন ইহুদিবাদী ইসরাইলের পক্ষ নিচ্ছে রিয়াদ।#     

পার্সটুডে/মূসা রেজা/২৭