মধ্যপ্রাচ্যে ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত: লেবাননের প্রেসিডেন্ট
-
মিশেল আউন
লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘটনায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত। তিনি জোর দিয়ে বলেন, ইরান হচ্ছে আঞ্চলিক শক্তি এবং নানা সংকট সমাধানের ক্ষেত্রে ইরানের অংশগ্রহণ জরুরি।
লেবাননের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান সম্পাদকের সঙ্গে বৈঠকে গতকাল (সোমবার) এসব কথা বলেছেন প্রেসিডেন্ট আউন। কাজাখস্তানের রাজধানী আস্তানায় ও জেনেভায় অনিুষ্ঠিত সিরিয়া বিষয়ক শান্তি আলোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, আঞ্চলিক সংকট নিরসনের ক্ষেত্রে ইরান প্রভাবশালী ভূমিকা রেখে চলেছে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের ঘটনাবলীতে ইরান তার প্রভাবশালী ভূমিকা নিয়ে উপস্থিত রয়েছে এবং বিষয়টিকে অবশ্যই বিবেচনায় নিতে হবে। প্রেসিডেন্ট মিশেল আউন জোর দিয়ে বলেন, লেবাননের ভেতরে ইরানের কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। তিনি বলেন, লেবানন হচ্ছে এমন একটি দেশ যে পারস্পরিক অধিকার ও স্বার্থের ভিত্তিতে সবার সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায়।
সম্পাদকদের সঙ্গে বৈঠকে মিশেল আউন বলেন, ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হাতে যে অস্ত্র রয়েছে তার প্রয়োজন রয়েছে। কারণ তারাও লেবাননের সেনাহিনীর মতো দেশ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১