ইয়েমেনে সৌদি বর্বরতা থামছেই না: আরো ২৮ বেসামরিক ব্যক্তি নিহত
-
ইয়েমেনে সৌদি বোমা হামলা(ফাইল ফটো)
ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাদা প্রদেশে সৌদি বাহিনীর বর্বরোচিত বিমান হামলায় নতুন করে আরো ২৮ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। হামলায় আরো বহু ব্যক্তি আহত হয়।
আজ (বুধবার) ভোরে ইয়েমেনের সাদা প্রদেশের সাহার এলাকায় একটি জনাকীর্ণ বাজারে সৌদি বিমান হামলায় অন্তত ২৬ বেসামরিক ব্যক্তি নিহত হয় এবং আরো নয় ব্যক্তি আহত হয়।ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। এদিকে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংসাবশেষের নীচে এখনো লোকজন চাপা পড়ে থাকায় এবং আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
এছাড়া, একই প্রদেশের আল দাহের প্রদেশে সৌদি জঙ্গিবিমান একটি গাড়ির ওপর বোমা বর্ষণ করলে অন্তত দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়।
ইয়েমেনের পদত্যাগকারী প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসানো এবং জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনকে দমনের উদ্দেশ্যে ২০১৫ সালের মার্চ মাস থেকে দেশটিতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব। এ পর্যন্ত এসব পাশবিক হামলায় অন্তত ১২,০০০ মানুষ নিহত হয়েছে। সেইসঙ্গে এসব হামলায় ইয়েমেনের হাসপাতাল, স্কুল ও কল-কারখানাসহ দেশটির অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১