ইরাক-সিরিয়ায় চূড়ান্ত পতনের মুখে দায়েশ
https://parstoday.ir/bn/news/west_asia-i48143-ইরাক_সিরিয়ায়_চূড়ান্ত_পতনের_মুখে_দায়েশ
ইরাক ও সিরিয়ায় চূড়ান্ত পতনের মুখে পড়েছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। দেশ দুটিতে গুরুত্বপূর্ণ দুটি শহরের নিয়ন্ত্রণ হারিয়ে দায়েশ এই অবস্থার মুখে পড়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৪, ২০১৭ ০৯:১৬ Asia/Dhaka
  • ইরাকি বাহিনীর সামরিক বহর
    ইরাকি বাহিনীর সামরিক বহর

ইরাক ও সিরিয়ায় চূড়ান্ত পতনের মুখে পড়েছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। দেশ দুটিতে গুরুত্বপূর্ণ দুটি শহরের নিয়ন্ত্রণ হারিয়ে দায়েশ এই অবস্থার মুখে পড়েছে।

গতকাল (শুক্রবার) ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি সিরিয়া সীমান্তবর্তী আল-কায়িম শহরে দায়েশের বিরুদ্ধে তার দেশের সেনাবাহিনীর চূড়ান্ত বিজয় ঘোষণা করেছেন। শহরটি আনবার প্রদেশে অবস্থিত এবং সীমান্তের ওপারেই রয়েছে সিরিয়ার দেইর আয-যোর শহর। আল-কায়িম শহর মুক্ত করার অভিযানে সামরিক বাহিনীকে গুরুত্বপূর্ণ সহযোগিতা দিয়েছে স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্‌দ আশ-শাবি।

দেইর আয-যোর শহরে বিজয় ঘোষণার পর পতাকা উড়িয়ে দিচ্ছে সেনাবাহিনী

এদিকে, আল-কায়িম শহর মুক্তির দিনই গতকাল সিরিয়ার সামরিক বাহিনী দেইর আয-যোর শহরে তাদের চূড়ান্ত বিজয় ঘোষণা করেছে এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সব গণমাধ্যমে সে খবর প্রচার করা হয়েছে। দেইর-আয-যোর শহর ছিল সিরিয়ায় দায়েশের দখলে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ ও শক্তিশালী ঘাঁটি। এ ঘাঁটির পতনের মাধ্যমে কার্যত সিরিয়ায় দায়েশের চূড়ান্ত পতন হয়েছে। দেশটিতে দায়েশের নিয়ন্ত্রণে বলতে গেলে এখন আর কোনো এলাকা নেই। তবে সিরিয়ার একটা বড় অংশের নিয়ন্ত্রণ রয়েছে মার্কিন সমর্থিত কথিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফার্সেস বা এসডিএফ’র হাতে। এছাড়া, ইদলিব প্রদেশে এখনো আল-কায়েদা সমর্থিত আন-নুসরা ফ্রন্টের তৎপরতা রয়েছে। পাশাপাশি রাজধানী দামেস্কের আশপাশে কথিত ফ্রি সিরিয়ান আর্মি বা এফএসএ’র তৎপরতা রয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪