ইরানকে হুমকি দিল সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i48207-ইরানকে_হুমকি_দিল_সৌদি_আরব
ইসলামি প্রজাতন্ত্র ইরানকে সঠিক সময়ে এবং পন্থায় যথাযথ জবাব দেয়া হবে বলে হুমকি দিয়েছে সৌদি আরব। সৌদি আরবের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেন ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর রিয়াদের পক্ষ থেকে এ হুমকি দেয়া হলো।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
নভেম্বর ০৬, ২০১৭ ১৩:১৩ Asia/Dhaka
  • সৌদি সেনা
    সৌদি সেনা

ইসলামি প্রজাতন্ত্র ইরানকে সঠিক সময়ে এবং পন্থায় যথাযথ জবাব দেয়া হবে বলে হুমকি দিয়েছে সৌদি আরব। সৌদি আরবের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেন ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর রিয়াদের পক্ষ থেকে এ হুমকি দেয়া হলো।

গতকাল (রোববার) সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলো এক যৌথ বিবৃতিতে সৌদি রাজধানী রিয়াদে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানকে দায়ী করেছে। ইয়েমেনের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হুথি আনসারুল্লাহ এবং দেশটির সেনাবাহিনী সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসব বাহিনী সৌদি নেতৃত্বাধীন আরব জোটের বিরুদ্ধে শুরু থেকে শক্ত প্রতিরোধ গড়ে তুলছে।

ইরান হুথি আনসারুল্লাহ বাহিনীকে আর্থিক এবং সামরিক সহযোগিতা দিয়ে আসছে বলে রিয়াদ এবং তার মিত্রদেশগুলো অভিযোগ করে আসছে। তবে ইরান এসব অভিযোগ অস্বীকার করে আসছে এবং সৌদি আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনি জনগণের লড়াইয়ের প্রতি তেহরানের সমর্থন রয়েছে।

ইয়েমেনের তৈরি কাহার ক্ষেপণাস্ত্র

সৌদি জোট গতকালের বিবৃতিতে আরো দাবি করেছে, হুথি যোদ্ধারা ইরানের সরাসরি কমান্ডের অধীনে কাজ করছে। তাই জোটের কমান্ড বিবেচনা করছে যে, "এটি ইরানের স্পষ্ট সামরিক আগ্রাসনের শামিল এবং এটিকে সৌদি আরবের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসাবে বিবেচনা করা হতে পারে।" 

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার প্রতি ইঙ্গিত করে জোট তার বিবৃতিতে আরো বলেছে, জোটের কমান্ড দৃঢ়ভাবে ঘোষণা করছে যে, "ইরানের বিরুদ্ধে সঠিক সময়ে এবং পন্থায় এসব ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেয়ার পূর্ণ অধিকার রাখে সৌদি আরব।"  

পার্সটুডে/বাবুল আখতার/৬