সিরিয়ায় সন্ত্রাসীদের সমর্থন দিচ্ছে ইসরাইল: ফিলিস্তিনি কর্তৃপক্ষ
-
সিরিয়ায় আহত সন্ত্রাসীদের হাসপাতালে দেখতে গেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু
ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ বলেছে, সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসীদেরকে সমর্থন দিচ্ছে ইহুদিবাদী ইসরাইল। সিরিয়ার গোলান মালভূমিতে বসবাসরত দ্রুজ সম্প্রদায়কে রক্ষার নামে সিরিয়ায় সামরিক অভিযান চালানোর বিষয়ে তেল আবিব হুমকি দেয়ার পর ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ এ বিবৃতি দিল।
বিবৃতিতে বলা হয়েছে, গোলানের দ্রুজ অধ্যুষিত এলাকায় সন্ত্রাসীরা গত শুক্রবার বোমা হামলা চালানোর পর সেখানকার লোকজনের প্রতিক্রিয়া দেখে ইসরাইল পিছু হটেছে এবং এখন দ্রুজ সম্প্রদায়কে রক্ষার কথা বলে সিরিয়ায় আগ্রাসন চালানোর হুমকি দিচ্ছে। এর মাধ্যমে তারা মূলত সিরিয়ায় বিরোধী গোষ্ঠীগুলোকে যে সমর্থন দিয়ে আসছে তা কৌশলে গোপন করার চেষ্টা চালাচ্ছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, আল-কায়েদা ও আন-নুসরা ফ্রন্ট বা ফতেহ আশ-শামকে সমর্থন করছে তেল আবিব এবং তারা নুসরা ফ্রন্টকে অস্ত্র, বেতন ও চিকিৎসা সহায়তা দিচ্ছে। পাশাপাশি সিরিয়ার সেনাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য গোয়েন্দা তথ্য সরবরাহ করে আসছে এবং সন্ত্রাসীদেরকে নিরাপদ আশ্রয় দিচ্ছে।
ইসরাইল গত শুক্রবার হুমকি দিয়েছে যে, গোলান মালভূমির হাদের এলাকার দ্রুজ সম্প্রদায়ের লোকজনকে রক্ষার জন্য তেল আবিব প্রয়োজনে সিরিয়ায় সামরিক অভিযান চালাবে। তার আগে নুসরা ফ্রন্টের সন্ত্রাসীদের বোমা হামলায় অন্তত নয়জন নিহত ও ২৩ জন আহত হয়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬