দেশে না ফিরলে হারিরির পদত্যাগ গ্রহণযোগ্য হবে না: লেবাননের বিচারমন্ত্রী
-
সাদ হারিরি (বামে) ও মিশেল আউন (ডানে)
সাদ হারিরি সৌদি আরব থেকে লেবাননে না ফেরা পর্যন্ত তার পদত্যাগ আনুষ্ঠানিকভাবে গ্রহণযোগ্য হবে না। এ কথা বলেছেন লেবাননের বিচারমন্ত্রী সালিম জেরিসাতি। গত শনিবার সৌদি আরব সফরে গিয়ে পদত্যাগের ঘোষণা দেন সাদ হারিরি।
সৌদি আরব তার পদত্যাগের ঘোষণা লিখে দিয়েছে বলে দাবি করেছেন লেবাবননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।
দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন আজ (সোমবার) দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকের পর বিচারমন্ত্রী জানান, "প্রেসিডেন্ট এখন হারিরির নিজের মুখ থেকে পদত্যাগের বিষয়টি শুনতে চান। হারিরির ফেরার অপেক্ষায় রয়েছেন প্রেসিডেন্ট।"
পদত্যাগের বিষয়টি অবশ্যই স্বেচ্ছায় হতে হবে বলে বিচারমন্ত্রী জানান। লেবাননের স্থিতিশীলতাকে রেড লাইন হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, দেশে স্থিতিশীলতা অক্ষুণ্ণ রাখতে হবে।
সৌদি আরব থেকে প্রচারিত এক টিভি ভাষণে হারিরি পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, তিনি প্রাণনাশের আশঙ্কা করছেন। ইরান ও লেবাননের হিজবুল্লাহ আরব দেশগুলোতে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেন হারিরি। তবে ইরান ও হিজবুল্লাহ তার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এছাড়া লেবাননের সেনাবাহিনী গতকাল ঘোষণা করেছে, সাদ হারিরির বিরুদ্ধে হত্যার কোনো পরিকল্পনার কথা তারা জানে না।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৬