হিজবুল্লাহর উপর হামলা চালাতে দেব না : সিরিয়া
-
বাসিনা শাবান
সিরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটি কোনো অবস্থাতেই লেবাননের হিজবুল্লাহর উপর কাউকে হামলা চালাতে দেবে না; কারণ সিরিয়া ও হিজবুল্লাহর ভাগ্য একই সুতায় গাঁথা। ইরান, হিজবুল্লাহ ও সিরিয়ার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ট বলেও জানিয়েছে দামেস্ক।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের উপদেষ্টা বাসিনা শাবান আরবি নিউজ চ্যানেল আল-মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সম্প্রতি ইয়েমেনের জনপ্রিয় প্রতিরোধ আন্দোলন হুথি যোদ্ধারা সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা চালান। রিয়াদ ওই হামলার পেছনে ইরান ও হিজবুল্লাহর হাত রয়েছে বলে অভিযোগ তুলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে। তেহরান ও হিজবুল্লাহ ইয়েমেনকে অস্ত্র সরবরাহের অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।
সৌদি হুমকির প্রতি ইঙ্গিত করে সিরিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা ওই সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি একইসঙ্গে বলেন, ইহুদিবাদী ইসরাইলের সম্ভাব্য আগ্রাসন থেকে আত্মরক্ষা করার ক্ষেত্রেও দোদুল্যমানতায় ভুগবে না দামেস্ক।
সিরিয়ায় সংকট সৃষ্টির পেছনে ইহুদিবাদী ইসরাইলের ভূমিকার কথা উল্লেখ করে শাবান বলেন, সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার দীর্ঘ ইতিহাস রয়েছে ইসরাইলের। আর বর্তমানে অন্য কিছু দেশ সিরিয়ার বিরুদ্ধে যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তা থেকে স্বার্থসিদ্ধির চেষ্টা করছে তেল আবিব।
লেবাননের পদত্যাগকারী প্রধানমন্ত্রী সাদ হারিরি সৌদি আরবে বসে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর যে ঘোষণা দিয়েছেন তার সমালোচনা করে বাসিনা শাবান বলেন, বিদেশ সফরে গিয়ে এ কাজ করা যথার্থ কাজ হয়নি।
সিরিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা লেবানন ও সিরিয়ার নিরাপত্তাকে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত বলেও মন্তব্য করেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮