রাষ্ট্রদূত ডেকে পাঠানোর পর সৌদি কর্মকর্তার জার্মানি সফর বাতিল
-
সংবাদ সম্মেলনে জেবরান বাসিল (বামে) ও সিগমার গ্যাব্রিয়েল
জার্মানির তীব্র সমালোচনার মুখে বার্লিন সফর বাতিল করেছেন সৌদি আরবের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। জার্মানি থেকে রাষ্ট্রদূত ডেকে পাঠানোর একদিন এ সিদ্ধান্ত নিল রিয়াদ।
জার্মানির দার স্পাইগেল অনলাইন জানিয়েছে, চলতি সপ্তাহের শেষ দিকে সৌদি আরবের ওই কর্মকর্তার বার্লিন সফরে যাওয়ার কথা ছিল। এ সফরে ইয়েমেনে মানবিক সহায়তা নিয়ে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনার কথা।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী ও ভাইস চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল সৌদি আরবের সমালোচনা করার পর প্রতিবাদে গতকাল (রোববার) সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় রিয়াদ। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জেবরান বাসিলের সঙ্গে গত শুক্রবার বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলনে সিগমার বলেছিলেন, সৌদি আরব ছাড়ার জন্য লেবাননের পদত্যাগী প্রধানমন্ত্রী সাদ হারিরির যথেষ্ট স্বাধীনতা আছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তিনি আরো বলেছিলেন, "আমরা আশা করি প্রধানমন্ত্রী বৈরুতে ফিরে যেতে পারবেন।"
জার্মান পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের পর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এর প্রতিবাদ ও নিন্দা করেন। তিনি বলেছেন, জার্মান পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য আশ্চর্যজনক ও অগ্রহণযোগ্য।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০