ইয়েমেনের রাজধানী সানায় সৌদি বাহিনীর বোমা বর্ষণ: নিহত ৩
https://parstoday.ir/bn/news/west_asia-i49711-ইয়েমেনের_রাজধানী_সানায়_সৌদি_বাহিনীর_বোমা_বর্ষণ_নিহত_৩
সৌদি জঙ্গিবিমান ইয়েমেনের রাজধানী সানায় আবারো বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত তিন বেসামরিক ব্যক্তি নিহত এবং আরো দুইজন আহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১২, ২০১৭ ১২:১৮ Asia/Dhaka
  • ইয়েমেনের রাজধানী সানায় সৌদি বাহিনীর বোমা বর্ষণ: নিহত ৩

সৌদি জঙ্গিবিমান ইয়েমেনের রাজধানী সানায় আবারো বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত তিন বেসামরিক ব্যক্তি নিহত এবং আরো দুইজন আহত হয়েছে।

আজ (মঙ্গলবার) ভোরে সানার উত্তর অংশে আল রাওজাহ শহরের আবাসিক এলাকায় সৌদি বাহিনী এসব হামলা চালিয়েছে বলে ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে। এছাড়া,  রাজধানী সানায় অবস্থিত একটি ক্যাডেট কলেজের আশপাশের আবাসিক এলাকায় সৌদি জঙ্গিবিমান বোমা বর্ষণ করেছে বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে। ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাদা প্রদেশের রাযাহ শহরের আবাসিক এলাকায় সৌদি জঙ্গিবিমান অন্তত দুইবার বোমা বর্ষণ করেছে।

ইয়েমেনের বিভিন্ন আবাসিক এলাকায় সৌদি বিমান হামলায় অন্তত ১৪ বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার কয়েক ঘন্টার পর এসব হামলা চালানো হলো।  

এদিকে, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের 'বোকামিপূর্ণ যুদ্ধ' বন্ধের লক্ষ্যে রিয়াদের ওপর চাপ সৃষ্টি করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস। তিনি বলেন, ইয়েমেনে চলমান হামলার ফলে দেশটির জনগণ চরম দুঃখ-দুর্দশার মুখে পড়েছে এবং সেইসঙ্গে এতে সৌদি আরব ও আমিরাতের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১২