'ইরান নিয়ে নেতানিয়াহুর খায়েশ'
-
বেনিয়ামিন নেতানিয়াহু
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ভাষায় বলেছেন, ইরানের বর্তমান সরকারের পতনের পর দেশটির জনগণ আবারো ইসরাইলি নাগরিকদের মহান বন্ধুতে পরিণত হবে।
রাশিয়ার স্পুৎনিক বার্তা সংস্থার বরাত দিয়ে সিরিয়ার আল-মাসদার এ খবর দিয়েছে। সম্প্রতি টুইটারে দেয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, "ইরানের এই সরকার আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে রেখেছে কিন্তু তারা সফল হবে না। যখন এই সরকারের চূড়ান্তভাবে পতন হবে এবং একদিন তা হবেও তখন ইরান ও ইসরাইলের জনগণ আবারো মহান বন্ধুতে পরিণত হবে। আমি ইরানি জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষার সাফল্য কামনা করছি।"
ইরানের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টির ক্ষেত্রে ইসরাইল উসকানি দিচ্ছে বলে তেহরান অভিযোগ করছে। ইরানের এই অভিযোগকে হাস্যকর বলে মন্তব্য করেন নেতানিয়াহু।
নেতানিয়াহুর এসব বক্তব্য সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত। কারণ ইরানি জনগণের রায়ে নির্বাচিত সরকার ক্ষমতায় রয়েছে এবং এ দেশের জনগণ ইহুদিবাদী ইসরাইলকে চরম শত্রু হিসেবে গণ্য করে যার ভিত্তি সমাজের গভীরে প্রোথিত।#
পাসর্টুডে/সিরাজুল ইসলাম/৪