সিরিয়া সীমান্তে বিশাল সামরিক বহর পাঠালো তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i51431-সিরিয়া_সীমান্তে_বিশাল_সামরিক_বহর_পাঠালো_তুরস্ক
সিরিয়া সীমান্তে বিশাল সামরিক বহর পাঠিয়েছে তুরস্ক। দু'টি প্রদেশে অন্তত ৪০টি ট্যাংক ও সামরিক যান পাঠানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক সূত্রের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আনাদুলু এ তথ্য জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৬, ২০১৮ ১৩:৩৫ Asia/Dhaka
  • সিরিয়া সীমান্তে মোতায়েন কয়েকটি তুর্কি ট্যাংক
    সিরিয়া সীমান্তে মোতায়েন কয়েকটি তুর্কি ট্যাংক

সিরিয়া সীমান্তে বিশাল সামরিক বহর পাঠিয়েছে তুরস্ক। দু'টি প্রদেশে অন্তত ৪০টি ট্যাংক ও সামরিক যান পাঠানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক সূত্রের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আনাদুলু এ তথ্য জানিয়েছে।

তুরস্কের সামরিক সূত্রটি আরও জানিয়েছে, হাতাই প্রদেশের রেইহানলি জেলায় ২৪টি সামরিক যান প্রবেশ করেছে। এছাড়া সানলিআরফা প্রদেশের ভিরানসেহির জেলাতেও পৌঁছে গেছে আরও ২০টি সামরিক যান। সিরিয়ার সীমান্তে আগে থেকে মোতায়েন সামরিক ইউনিটগুলোর শক্তি বাড়াতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। আমেরিকা সিরিয়ার তুর্কি সীমান্তে ৩০ হাজার সদস্যের একটি বাহিনী মোতায়েন করবে বলে খবর প্রকাশিত হওয়ার পর আঙ্কারা এ পদক্ষেপ নিল।

মার্কিন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় গতকাল তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান বলেছেন, তুরস্কের দক্ষিণ সীমান্তে একটি সন্ত্রাসী সেনাবাহিনী গঠনের চেষ্টা করছে আমেরিকা।  ওই বাহিনীকে অঙ্কুরেই ধ্বংস করে দিতে হবে।

মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে, ৩০ হাজার সদস্যের ওই বাহিনীর প্রায় অর্ধেককেই নিয়োগ দেয়া হবে সিরিয়ায় তৎপর গেরিলা গোষ্ঠী এসডিএফ'র সদস্যদের মধ্য থেকে। এসডিএফ হচ্ছে কুর্দি সংগঠন ওয়াইপিজি'র সমর্থনপুষ্ট একটি গোষ্ঠী। তুরস্ক ওয়াইপিজি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৬