হামাস নেতার ওপর হামলা: সন্দেহভাজনকে লেবাননের কাছে হস্তান্তর করল তুরস্ক
-
১৪ জানুয়ারি গাড়িবোমা হামলার পর আগুন নেভানোর চেষ্টা করছেন লোকজন
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একজন শীর্ষ পর্যায়ের নেতার ওপর গাড়িবোমা হামলায় জড়িত থাকার সন্দেহে আটক এক ব্যক্তিকে লেবাননের কাছে হস্তান্তর করেছে তুরস্ক সরকার। গত ১৪ জানুয়ারি সংঘটিত ওই হামলায় হামাস নেতা মুহাম্মাদ আবু হামজা হামদান সামান্য আহত হন।
লেবাননের একটি নিরাপত্তা সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি বিষয়টি নিয়ে সহযোগিতা করার জন্য তুর্কি সরকারের সঙ্গে যোগাযোগ করলে আংকারার কর্মকর্তারা ওই সন্দেহভাজনকে বৈরুতের হাতে তুলে দেন। লেবাননের সরকারি বার্তা সংস্থা এ সন্দেহভাজনকে ৩৮ বছর বয়সী আহমাদ বাইতিয়া বলে পরিচয় দিয়েছে।
লেবাননের আল-আখবার পত্রিকার খবর অনুসারে, দেশটির সামরিক ও নিরাপত্তা বাহিনীর গোয়েন্দারা কঠোর তদন্তের মাধ্যমে হামাস নেতাকে হত্যা-প্রচেষ্টার সঙ্গে জড়িত চক্রের প্রধানকে শণাক্ত করতে সমর্থ হন।
হামাস নেতাদের এ ধরনের হামলার শিকার হওয়ার ঘটনা এই প্রথম নয় বরং ইহুদিবাদী ইসরাইল সংগঠনটির বহু নেতাকে গোপনে হত্যা করেছে। গত বছরের মার্চ মাসে ইসরাইল হামাস নেতা মাজেন ফুকাহাকে হত্যা করেছিল।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩