হামাস নেতা হানিয়াকে সন্ত্রাসী তালিকায় ফেলল আমেরিকা
https://parstoday.ir/bn/news/west_asia-i52281-হামাস_নেতা_হানিয়াকে_সন্ত্রাসী_তালিকায়_ফেলল_আমেরিকা
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়াকে কথিত সন্ত্রাসের অভিযোগে কালোতালিভুক্ত করেছে মার্কিন সরকার। পাশাপাশি তার ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছে ওয়াশিংটন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ৩১, ২০১৮ ২২:৪৮ Asia/Dhaka
  • হামাস নেতা ইসমাইল হানিয়া
    হামাস নেতা ইসমাইল হানিয়া

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়াকে কথিত সন্ত্রাসের অভিযোগে কালোতালিভুক্ত করেছে মার্কিন সরকার। পাশাপাশি তার ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছে ওয়াশিংটন।

ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর যখন মধ্যপ্রাচ্য জুড়ে মারাত্মক রকমের উত্তেজনা বিরাজ করছে তখন এই পদক্ষেপ নিল আমেরিকা। মার্কিন পররাষ্ট্র দপ্তর বুধবার এক বিবৃতিতে বলেছে, হামাসের সামরিক শাখার সঙ্গে ইসমাইল হানিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং ইসরাইলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের প্রবক্তা তিনি।

হামাসের সশস্ত্র সদস্য (ফাইল ফটো)

বিবৃতিতে আরো বলা হয়েছে, “তিনি ইসরাইলি নাগরিক হত্যার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এছাড়া, সন্ত্রাসী হামলার মাধ্যমে আমেরিকার ১৭ জন নাগরিক হত্যার জন্য হামাস দায়ী।” তবে এসব দাবির বিষয়ে কোনো প্রমাণ তুলে ধরা হয় নি। মার্কিন বিবৃতিতে হামাসের মদদদাতা হিসেবে ইরানকে অভিযুক্ত করা হয়েছে।

ইসমাইল হানিয়ার ওপর মার্কিন অর্থ বিভাগ নিষেধাজ্ঞাও আরোপ করেছে। এর আওতায় ইসমাইল হানিয়ার যদি কোনো সম্পদ আমেরিকায় থাকে তাহলে তা জব্দ করা হবে। এছাড়া, হানিয়ার সঙ্গে মার্কিন কোনো কোম্পানি বা ব্যক্তি ব্যবসা-বাণিজ্য করতে পারবে না।

মার্কিন এই পদক্ষেপকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা একপেশে ও প্রতিহিংসামূলক বলে মনে করছেন। তারা বলছেন, ইসমাইল হানিয়া হচ্ছেন ফিলিস্তিনের সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী ও হামাসের রাজনৈতিক শাখার প্রধান। আর এ সংগঠনের সশস্ত্র যে শাখা রয়েছে তারা ইহুদিবাদী ইসিরাইলের দমন-পীড়ন ও রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিরোধ করে আসছে। পাশাপাশি অসহায় ফিলিস্তিনিদের রক্ষা জন্য কাজ করছে। ফলে হামাসের এইসব কার্যক্রমকে কোনোভাবেই সন্ত্রাসী তৎপরতা হিসেবে দেখা যাবে না। হামাস বরং ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন করছে এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার তৎপরতা চালাচ্ছে।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১