ইরানের জনগণের বিরুদ্ধে মার্কিন অপরাধের তালিকা প্রতিদিনই দীর্ঘ হচ্ছে: বাকায়ি
https://parstoday.ir/bn/news/iran-i162706-ইরানের_জনগণের_বিরুদ্ধে_মার্কিন_অপরাধের_তালিকা_প্রতিদিনই_দীর্ঘ_হচ্ছে_বাকায়ি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি দক্ষিণ ইরানের সিরিক শহরের কুহেস্তক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করে বলেছেন, ইরানের জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অপরাধের তালিকা প্রতিদিনই দীর্ঘ হচ্ছে।
(last modified 2026-09-02T13:38:25+00:00 )
সেপ্টেম্বর ০২, ২০২৬ ১৩:৩৯ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি

পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি দক্ষিণ ইরানের সিরিক শহরের কুহেস্তক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করে বলেছেন, ইরানের জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অপরাধের তালিকা প্রতিদিনই দীর্ঘ হচ্ছে।

মেহর নিউজ এজেন্সির বরাতে পার্সটুডে জানিয়েছে, ইসমাইল বাকায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মঙ্গলবার রাতে, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক আগ্রাসনের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি সিরিকের বন্দর কুহেস্তকের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালে মার্কিন হামলার কথা উল্লেখ করেন। ওই হামলায় ৫০ জনেরও বেশি মানুষ হতাহত হয়েছে বলে তিনি জানান।

বাকায়ি বলেন, “ইরানি জাতির বিরুদ্ধে মার্কিন অপরাধের তালিকা এখন আগের যেকোনো সময়ের চেয়ে আরও দীর্ঘ হয়েছে। আজ রাতে সিরিকের কুহেস্তকে একটি আবাসিক বাড়িতে হামলা চালানো হয়েছে, যখন সেখানে মানুষ বিয়ের আনন্দ উদযাপনে ব্যস্ত ছিলেন। ৫০ জনেরও বেশি নিরপরাধ নারী, পুরুষ ও শিশু হতাহত হয়েছেন।

এই নিষ্ঠুরতাকে মিনাব, লামার্দ, কেশম এবং অন্যান্য এলাকায় এর আগে সংঘটিত হামলারই ধারাবাহিকতা। একইভাবে, এটিকে সামরিক লক্ষ্যবস্তুতে চালানো হামলা থেকেও আলাদা করা যায় না- যেসব হামলাকে বিভ্রান্তিকর তকমা ও অজুহাতের আড়ালে ঢেকে রাখা হয়েছে।

বোমার চেয়েও বিপজ্জনক হলো বোমাবর্ষণকে স্বাভাবিক হয়ে যাওয়া; আর নীরবতার চেয়েও বিপজ্জনক হলো সেই নীরবতাকে বৈধতার প্রতীক হিসেবে ব্যাখ্যা করা।

ইরান এসব বর্বরোচিত অপরাধের কঠোর জবাব দেবে। তবে যেসব সরকার ও আন্তর্জাতিক সংস্থা এমন বর্বরতার সামনে নীরব থাকে অথবা তা উপেক্ষা করার চেষ্টা করে, তাদের জানা উচিত- তাদের নীরবতা নিরপেক্ষতা নয়। যখন রাজনৈতিক স্বার্থের কারণে অবৈধ হামলা ও স্পষ্ট অপরাধকে ধুয়ে-মুছে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়, তখন অপরাধের নিন্দা করা এবং সেটিকে স্বাভাবিক করে তোলার মধ্যকার সীমারেখা মুছে যায়।

যারা আজ নীরব, আগামীকাল তারাও এই নীরবতার পরিণতি থেকে নিরাপদ থাকবে না। কারণ অন্যায় ও অপরাধের প্রতি চোখ বন্ধ করে থাকা তা নিয়ন্ত্রণ করে না; বরং অপরাধীদের সবার বিরুদ্ধে আরও অপরাধ চালিয়ে যাওয়ার সাহস জোগায়।”#

পার্সটুডে/এমআরএইচ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।