ইরানের প্রতিরক্ষায় মর্যাদাপূর্ণ কূটনীতিকে স্বাগত জানাই: আরাকচি
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
পার্সটুডে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আগের যেকোনো সময়ের তুলনায় এখন আমরা নিজেদের প্রতিরক্ষায় আরও বেশি প্রস্তুত।
ইরানের সংবাদমাধ্যমের বরাত দিয়ে পার্সটুডে জানায়, বাগদাদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৫২তম সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেন, হুমকির মুখে আমরা কোনোভাবেই মাথা নত করব না। আগের যেকোনো সময়ের তুলনায় এখন আমরা নিজেদের প্রতিরক্ষায় আরও বেশি প্রস্তুত। একই সঙ্গে আমরা কূটনীতির পথেও এগিয়ে যেতে প্রস্তুত, তবে সেই কূটনীতি হতে হবে মর্যাদাপূর্ণ ও সম্মানজনক এবং এর মাধ্যমে ইরানি জনগণের অধিকার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের অবস্থান সম্পূর্ণ স্পষ্ট। সাত দফা পরিকল্পনার মাধ্যমে তা যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্রও তাদের মতামত জানিয়েছে, যার জবাব দেওয়ার প্রক্রিয়া এখনো চলছে।
আরাকচি বলেন, আমাদের দৃষ্টিতে সাত দফা পরিকল্পনাটি এখনো আলোচনার টেবিলে রয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যদি আন্তরিকতা থাকত- যদিও বাস্তবে তা নেই- তাহলে সমাধানের পথ স্পষ্ট। তারা যদি ওই শর্তগুলো মেনে চলে, তাহলে ষষ্ঠ দিনে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং সপ্তম দিনে আলোচনা শুরু হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে নানা কারণে, যেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে, ইসলামি সহযোগিতা সংস্থা প্রত্যাশা অনুযায়ী ভালো ভূমিকা পালন করতে পারেনি। তবে মৌরিতানিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে নতুন মহাসচিব হিসেবে নিয়োগ এবং ইরাকের কাছে সংস্থার পর্যায়ক্রমিক সভাপতিত্ব হস্তান্তরের ফলে সংস্থাটি নতুন প্রাণশক্তি ফিরে পাবে বলে আমরা আশা করি।
আরাকচি জোর দিয়ে বলেন, ইসলামি দেশগুলোর মধ্যকার মতবিরোধ নিরসনে গঠনমূলক ভূমিকা পালন করবে বলে এই সংস্থার কাছে প্রত্যাশা করা হচ্ছে।#
পার্সটুডে/এমআরএইচ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।