ফিলিস্তিনি সব নেতাকে হত্যা করতে মরিয়া হয়ে উঠেছে আমেরিকা
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়াকে কথিত সন্ত্রাসের অভিযোগে কালোতালিকাভুক্ত করেছে মার্কিন সরকার। ফিলিস্তিনের সব রাজনৈতিক দল ও সংগঠন আমেরিকার এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে।
মার্কিন অর্থমন্ত্রণালয় গতকাল (বুধবার) ইসমাইল হানিয়াকে কালোতালিকাভুক্তির ঘোষণা দেয়ার পর হামাসের মুখপাত্র হাজেম কাসেম একে ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রাম থামিয়ে দেয়ার ব্যর্থ চেষ্টা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার উপেক্ষা করে কেবল দখলদার ইসরাইলের স্বার্থে আমেরিকা এ পদক্ষেপ নিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইসমাইল হানিয়াসহ ফিলিস্তিনি নেতাদের দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেয়ার জন্য ইসরাইলের পরিকল্পনা অনুযায়ী আমেরিকা সন্ত্রাসের অভিযোগ তুলে অপপ্রচার শুরু করেছে। সারা বিশ্ব ইসমাইল হানিয়াকে ফিলিস্তিনিদের ইসরাইল বিরোধী প্রতিরোধ সংগ্রামের শীর্ষ নেতা হিসেবে চেনে। আমেরিকা এমন সময় ইসমাইল হানিয়াকে কালোতালিকাভুক্ত করল যখন এটা সবাই জানে যে দখলদার ইসরাইল এ অঞ্চলে সন্ত্রাসবাদের প্রতীক।
ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ সংগ্রামকে সন্ত্রাসী তৎপরতা বলে আমেরিকা যে প্রচার চালাচ্ছে তা আসলে ফিলিস্তিনি নেতাদের হত্যা ও আগ্রাসন জোরদার করার জন্য ইসরাইলের পক্ষ থেকে সবুজ সংকেত। আমেরিকা ছলচাতুরী ও ষড়যন্ত্রের মাধ্যমে ইসরাইলকে নির্যাতিত এবং সংগ্রামী ফিলিস্তিনিদেরকে সন্ত্রাসী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। কারণ আমেরিকা এ অঞ্চলের প্রতিরোধ সংগ্রামকে ইসরাইলের জুলুম, আগ্রাসন ও দখলদারিত্ব প্রতিষ্ঠার পথে একমাত্র বাধা বলে মনে করছে। তবে নানা উপায়ে ফিলিস্তিনিদের প্রতিরোধ দুর্বল করার চেষ্টা করেও এখন পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে।
হামাসের শীর্ষ নেতা ফাতহি হামাদ জানিয়েছেন, আমেরিকা এ অঞ্চলে গড়ে ওঠা প্রতিরোধের চেতনাকে ধ্বংস করার চেষ্টা করছে। তিনি সন্ত্রাসের অভিযোগে ফিলিস্তিনি নেতাদেরকে কালোতালিকাভুক্ত করার মার্কিন পদক্ষেপকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে শত্রুতা এবং দখলদার ইসরাইলকে রক্ষার চেষ্টা হিসেবে অভিহিত করেছেন।
পর্যবেক্ষকরা বলছেন, আমেরিকা বুঝতে পেরেছে ইসরাইল ও তাকফিরি দায়েশ সন্ত্রাসীরা এ অঞ্চলের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছে। ওই পরাজয়ের অর্থ আমেরিকারও ব্যর্থতা। এ কারণে ওয়াশিংটনের কর্মকর্তারা নানা উপায়ে এই পরাজয় ও ব্যর্থ ঢাকার পাশাপাশি ফিলিস্তিনসহ এ অঞ্চলের সব প্রতিরোধ সংগ্রামীদের বিরুদ্ধে প্রতিশোধ পরায়ণ হয়ে পড়েছে।
ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের নেতা আমিন মকবুল কিছুদিন আগে সন্ত্রাসী গোষ্ঠী এবং প্রতিরোধ শক্তির মধ্যে পার্থক্য উপলব্ধি করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, "যে কোনো, ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানকে সন্ত্রাসী তালিকাভুক্ত করা আমেরিকার স্বভাবে পরিণত হয়েছে। তবে এ ধরণের আচরণ ফিলিস্তিনিদের মনোবলকে দমিয়ে রাখতে পারবে না। "
পার্সটুডে/রেজওয়ান হোসেন/১