গৌতার দিকে সুশৃঙ্খলভাবে এগুচ্ছে সিরিয়ার বাহিনী
-
শত্রুর অবস্থান পর্যবেক্ষণ করছেন সিরিয়ার এক সেনা
সিরিয়ার সেনাবাহিনীর একজন কমান্ডার জানিয়েছেন, রাজধানী দামেস্কের কাছে পূর্ব গৌতায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের জন্য সুশৃঙ্খলভাবে এগুচ্ছে তার সেনারা। পূর্ব গৌতা থেকে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা রাজধানী দামেস্কের ওপর দীর্ঘদিন ধরে মর্টার ও রকেট হামলা চালিয়ে আসছে।
গতকাল (শুক্রবার) ওই কমান্ডার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এরইমধ্যে পূর্ব গৌতার বেশ কয়েকটি এলাকা সরকারি সেনারা উদ্ধার করতে এবং কিছু এলাকায় উল্লেখযোগ্যভাবে এগিয়ে যেতে সক্ষম হয়েছে। সেনারা এখন গৌতার দিকে এগিয়ে যাচ্ছে। সিরিয়ার টাইগার ফোর্স নামে এলিট ফোর্সের সদস্যরা এ অভিযানে অংশ নিচ্ছে বলে তিনি জানান।
এদিকে, ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সরকারপন্থি বাহিনী পূর্ব গৌতার হারাস্তা এলাকার বেশ কিছু ভবন পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। এছাড়া, পূর্ব গৌতার হাওয়াশ আদ-দাওরা এবং হাওয়াশ জ্রিকা এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। পূর্ব গৌতায় অবস্থান নেয়া সন্ত্রাসীরা বেসামরিক লোকজনকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে ফলে সিরিয়ার সেনাদেরকে অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান চালাতে হচ্ছে। সন্ত্রাসীদের সহিংসতা ও মানবঢাল হিসেবে ব্যবহারের কারণে যেসব মানুষ মারা যাচ্ছে তার দায়ও সরকারি সেনাদের ওপর চাপানো হচ্ছে। এ কাজে পশ্চিমা প্রচার মাধ্যম অগ্রণী ভূমিকা পালন করছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩