সিরিয়ায় দায়েশ অবস্থানে হামলা করেছে ইরাকি এফ-১৬ বিমান
-
সিরিয়া হামলায় অংশ নিচ্ছে ইরাকের এফ-১৬ জঙ্গিবিমান
ইরাকের বিমান বাহিনী জানিয়েছে, সিরিয়ার ভেতরে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অবস্থানে তারা বিমান হামলা করেছে। হামলায় ইরাকি বাহিনী এফ-১৬ জঙ্গিবিমান ব্যবহার করে।
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির কার্যালয় থেকে আজ (বৃহস্পতিবার) দেয়া এক বিবৃতিতে হামলার কথা নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইরাক সীমান্তে সিরিয়ার ভেতরে দায়েশ অবস্থানে হামলা করেছে ইরাকি বাহিনী। প্রধানমন্ত্রীর নির্দেশে এ হামলা চালানো হয় কারণ উগ্র সন্ত্রাসীরা নতুন করে দেশটির জন্য হুমকি সৃষ্টি করেছিল।
ইরাকি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া রাসুল জানান, সিরিয়া সরকারের সঙ্গে সমন্বয় করেই ইরাকের এফ-১৬ বিমানগুলো দায়েশের বিরুদ্ধে হামলা চালিয়েছে।
সিরিয়ার সরকার যখন পূর্ব গৌতা ও দুমা শহরসহ রাজধানী দামেস্কের আশপাশে তৎপর সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে তখন ইরাকি বিমান বাহিনী সিরিয়ার ভেতরে হামলা চালাল। আজকের হামলার আগে ইরাক বলেছিল, প্রয়োজন হলে সিরিয়ার সরকারের অনুমতি নিয়ে তারা সিরিয়ার ভেতরে বিমান হামলা চালাবে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯