ব্রিটিশ-মার্কিন মদদেই হুদায়দা বন্দরে আগ্রাসন চালাচ্ছে সৌদি জোট: হুথি
ইয়েমেনের হুদায়দা বন্দরনগরীতে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর চলমান আগ্রাসনে আমেরিকা এবং ব্রিটেন সহযোগিতা দিচ্ছে বলে দেশটির হুথি আনসারুল্লাহ বাহিনী জানিয়েছে। একইসঙ্গে বিদেশী আগ্রাসীদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার জন্য ইয়েমেনি বাহিনীর প্রশংসা করেছে সংগঠনটি।
হুথি আনসারুল্লাহ বাহিনীর মুখপাত্র মোহাম্মাদ আব্দুল সালাম ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, ইয়েমেনের ভেতর ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা চালানোর লক্ষ্যে দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলে আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সের যুদ্ধ জাহাজ অবস্থান নিয়েছে। তিনি বলেন, "হুদায়দা শহরে অভিযানে আমেরিকা এবং ব্রিটেনের প্রত্যক্ষ হাত রয়েছে। কারণ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পক্ষে এ ধরনের অভিযান পরিচালনা করা সম্ভব নয়।" পাশ্চাত্যের মদদপুষ্ট আগ্রাসীদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার জন্য মুখপাত্র আব্দুল সালাম হুথি আনসারুল্লাহ বাহিনীর ব্যাপক প্রশংসা করেন।
তিনি বলেন, নৈতিকতা এবং আদর্শ বিবর্জিত শত্রুরা হুদায়দা বন্দরনগরীতে তাদের লক্ষ্য-উদ্দেশ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। ইয়েমেনে বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথস দেশটিতে এক আকস্মিক সফরে যাওয়ার কয়েক ঘন্টা আগে মুখপাত্র আব্দুল সালাম এ মন্তব্য করেন। তিনি বলেন, গ্রিফিথ কয়েক দফা ইয়েমেনের সানা শহর সফরের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা সত্ত্বেও ইয়েমেনের চলমান সংকট নিরসনে এখন পর্যন্ত বাস্তব সম্মত ও কার্যকরী কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন তিনি।#
পার্সটুডে/বাবুল আখতার/১৬