সিরিয়া সরকারের সঙ্গে আলোচনা করতে চায় মার্কিন সমর্থিত গোষ্ঠী
-
এসডিএফ গেরিলাদের ফাইল ফটো
সিরিয়ার কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করতে চায় মার্কিন সমর্থিত কথিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স বা এসডিএফ। সম্ভাব্য আলোচনার জন্য এ গোষ্ঠীটি একটি প্ল্যাটফর্ম তৈরি করছে। গত জুন মাসে তারা সিরিয়ার সরকারের সঙ্গে শর্তহীন আলোচনার জন্য প্রস্তুত বলে ঘোষণা করেছিল।
গতকাল (সোমবার) কথিত সিরিয়ান ডেমোক্র্যাটিক কাউন্সিল বা এসডিসি উত্তরাঞ্চলীয় তাবকা শহরে স্থানীয় কুর্দি কর্মকর্তাদের সঙ্গে দুদিনের জন্য বৈঠকে মিলিত হয়। এ গ্রুপটির সঙ্গে এসডিএফ’র সম্পর্ক রয়েছে।
এসডিসি’র নেতা হেকমাত হাবিব বার্তা সংস্থা এএফপি-কে বলেন, সিরিয়ার কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করতে তাবকা শহরে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, এসডিএফ গেরিলাদের নিয়ন্ত্রণে থাকা সমস্ত এলাকার প্রতিনিধিত্ব করবে এই প্ল্যাটফর্ম তবে এ নিয়ে তিনি আর কিছু জানান নি।
সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চলের বেশিরভাগ জুড়ে এসডিএফ’র নিয়ন্ত্রণ রয়েছে এবং ওই এলাকায় মার্কিন ও ফরাসি সেনা মোতায়েন করা রয়েছে। এসব সেনারা এসডিএফ-কে সামরিক ও রাজনৈতিক সমর্থন দিয়ে আসছে যা সিরিয়ার সরকারের সঙ্গে এসডিএফ গেরিলাদের দূরত্ব তৈরি করছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭