‘মার্কিন ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে তবে ঝুঁকি এখনো আছে’
-
মাহমুদ আব্বাস ও ডোনাল্ড ট্রাম্প
ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার চলমান সংকট সমাধানের জন্য কথিত মার্কিন শান্তি পরিকল্পনা ছিল একটি ষড়যন্ত্র এবং তা ব্যর্থ করা হয়েছে। তবে এখনো পুরো অঞ্চল ঝুঁকি মুক্ত নয় বলে তিনি মন্তব্য করেন।
গতকাল (শনিবার) ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ‘ওয়াফা’ স্বশাসন কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদাইনাহর বরাত দিয়ে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতারণাপূর্ণ ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ ব্যর্থ হয়েছে এবং দৃঢ় অবস্থানের জন্য ফিলিস্তিনি জনগণকে ধন্যবাদ জানান। মাহমুদ আব্বাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ষড়যন্ত্র মধ্যপ্রাচ্যে অপ্রত্যাশিত প্রতিক্রিয়ার জন্ম দিতে পারত।
মাহমুদ আব্বাসের পক্ষে আবু রুদাইনাহ আরো বলেন, “জনগণের ভাগ্য নির্ধারণের জন্য এ অঞ্চল এখন একটি চৌরাস্তায় অবস্থান করছে তখন সেখানে কোনো কোনো পক্ষ সুস্পষ্ট জাতীয়তাবাদী চেতনাকে নস্যাৎ করে অচলাবস্থার সৃষ্টি করতে চায়।
তিনি ফিলিস্তিনি ও আরব দেশগুলোকে জাতীয় স্বার্থ রক্ষা এবং কথিত ডিল অব দ্যা সেঞ্চুরি কার্যকর হওয়ার বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানান।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২