সন্ত্রাসীদের সহযোগিতা দিচ্ছে দখলদার মার্কিন বাহিনী: হিজবুল্লাহ
সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সোয়াইদা প্রদেশে ধারাবাহিক হামলায় অন্তত ৫০ জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হওয়ার ঘটনায় কড়া নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
আজ (বৃহস্পতিবার) হিজবুল্লাহ এক বিবৃতিতে গতকাল সোয়াইদা প্রদেশে তাকফিরি দায়েশের ধারাবাহিক বোমা হামলা এবং গুলিবর্ষণে নিহত ব্যাক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। ২০১১ সালে সিরিয়ায় সংঘাত শুরু হওয়ার পর এটিকে সন্ত্রাসীদের পক্ষ থেকে বড় ধরনের বর্বরোচিত হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। চার আত্মঘাতী ব্যক্তি সোয়ইদা প্রদেশে বোমা হামলা চালায় এবং অন্য সন্ত্রাসীরা ছোট ছোট গ্রাম ও আবাসিক এলাকায় এলোপাতাড়ি গুলিবর্ষণ করে বহু বেসামারিক ব্যক্তিকে হত্যা করে। হামলায় ২৪৬ জন নিহত হয়েছে বলে সিরিয়ার কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।
হিজবুল্লাহ বলেছে, সন্ত্রাসী হামলা প্রমাণ করেছে যে আঞ্চলিক এবং আন্তর্জাতিক বাহিনী নিজেদের অসৎ এবং আগ্রাসী লক্ষ্য অর্জনের জন্য দায়েশের মতো উগ্র ও হিংস্র সন্ত্রাসীদের ব্যবহার করছে। এছাড়া, হিজবুল্লাহ দামেস্ক-বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী এবং ওয়াশিংটনের মধ্যে সহযোগিতার নিন্দা জানিয়েছে। সিরিয়ার জনগণের বিরুদ্ধে অপরাধযজ্ঞে দখলদার মার্কিন বাহিনী সন্ত্রাসীদেরকে সামরিক ও অন্যান্য সহযোগিতা দিচ্ছে বলেও সংগঠনটি তার বিবৃতিতে উল্লেখ করেছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ গতকাল বুধবার সিরিয়া বিষয়ে রাশিয়ার বিশেষ প্রতিনিধি আলেক্সান্ডার লেভরেন্তিভের সঙ্গে বৈঠকে তার দেশের সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মদদ দেয়ার কাজে লিপ্ত রাষ্ট্রগুলোর নিন্দা জানান।#
পার্সটুডে/বাবুল আখতার/২৬