ইসরাইলি পার্লামেন্ট থেকে ফিলিস্তিনি এমপি’র পদত্যাগ
https://parstoday.ir/bn/news/west_asia-i60403-ইসরাইলি_পার্লামেন্ট_থেকে_ফিলিস্তিনি_এমপি’র_পদত্যাগ
ইহুদিবাদী ইসরাইলের পার্লামেন্টে বর্ণবাদী আইন পাস করার প্রতিবাদে একজন ফিলিস্তিনি সংসদ সদস্য পদত্যাগ করেছেন। সরকার বিরোধী জায়োনিস্ট ইউনিয়ন পার্টির এমপি জুহেইর বহলুল গতকাল (শনিবার) নিজের পদত্যাগের ঘোষণা দেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ২৯, ২০১৮ ০১:৩৪ Asia/Dhaka
  • জুহেইর বহলুল
    জুহেইর বহলুল

ইহুদিবাদী ইসরাইলের পার্লামেন্টে বর্ণবাদী আইন পাস করার প্রতিবাদে একজন ফিলিস্তিনি সংসদ সদস্য পদত্যাগ করেছেন। সরকার বিরোধী জায়োনিস্ট ইউনিয়ন পার্টির এমপি জুহেইর বহলুল গতকাল (শনিবার) নিজের পদত্যাগের ঘোষণা দেন।

এক টেলিভিশন সাক্ষাৎকারে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, পরিবারের সদস্যদের তীব্র প্রতিবাদের মুখে তিনি পদত্যাগ করছেন।  

বহলুল বলেন, “সম্প্রতি পার্লামেন্টে পাস হওয়া আইনে ইসরাইলে বসবাসরত আরব নাগরিকদের সম অধিকার কেড়ে নেয়া হয়েছে। কাজেই আমি আর কাঁটাতারের বেড়ার মধ্যে বসে থাকতে পারি না। একটি উগ্র, বর্ণবাদী ও ধ্বংসাত্মক পার্লামেন্টের আইনকে বৈধতা দেয়া আমার পক্ষে সম্ভব নয়।”

গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামী সেপ্টেম্বরে পার্লামেন্ট অধিবেশন শুরু হলে তার পদত্যাগ কার্যকর হবে বলে জানান ইসরাইলি পার্লামেন্টের আরব সদস্য বহলুল। তবে এ সময়ের মধ্যে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করবেন না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দখলদার ইসরাইলের পার্লামেন্ট 'নেসেট' গত ১৯ জুলাই গোটা অধিকৃত ফিলিস্তিনকে ইহুদি জাতির রাষ্ট্র বলে ঘোষণা দিয়ে এ ঘোষণাকে আইন হিসেবে অনুমোদন করে। চরম বর্ণবাদী এ আইন অনুযায়ী গোটা ফিলিস্তিন কেবল ইহুদিবাদীদের দেশ হওয়ায় সেখানে ফিলিস্তিনিদের কোনো নাগরিক ও মানবিক-অধিকার থাকবে না।

ইসরাইলি পার্লামেন্টে বর্ণবাদী আইন পাশের প্রতিবাদ জানান ফিলিস্তিনি এমপিরা

ইসরাইলি এ আইনে মুসলমানদের প্রথম কিবলার শহর বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণার পাশাপাশি ফিলিস্তিনে ইহুদিবাদীদের জন্য নতুন নতুন  অবৈধ বসতি গড়ে তোলাকে জাতীয় মূল্যবোধ বলে উল্লেখ করা হয়েছে। এ আইনে পুরনো অবৈধ ইসরাইলি-বসতিগুলোর বিস্তার ও উন্নয়নের পাশাপাশি কথিত নতুন 'ইহুদি-বসতি' গড়ে তোলার কথাও বলা হয়েছে।

আন্তর্জাতিক সংস্থাগুলো ইসরাইলের এই নতুন বর্ণবাদী তাণ্ডব ও উপনিবেশবাদী দাম্ভিকতায় উদ্বেগ প্রকাশ করেছে। এমনকি হাজার হাজার ইসরাইলি নাগরিকও এই বিল পাসের প্রতিবাদে তেল-আবিবে বিক্ষোভ-মিছিল করেছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯