সিরিয়ার সরকারের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে কুর্দিরা
https://parstoday.ir/bn/news/west_asia-i60421-সিরিয়ার_সরকারের_সঙ্গে_চুক্তিতে_পৌঁছেছে_কুর্দিরা
সিরিয়ায় চলমান সহিংসতার অবসান ঘটাতে সরকারের সঙ্গে একটি চুক্তি করেছে মার্কিন সমর্থিত কুর্দি জোট। এ চুক্তির আওতায় সরকারের সঙ্গে সংলাপে বসবে কুর্দি জোট এবং সহিংসতার অবসান ঘটানোর পথ খুঁজে বের করবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৯, ২০১৮ ১৪:৩১ Asia/Dhaka
  • এসডিসি\'র কো-চেয়ারপারসন রিয়াদ দারার ও ইলহাম আহমেদ
    এসডিসি\'র কো-চেয়ারপারসন রিয়াদ দারার ও ইলহাম আহমেদ

সিরিয়ায় চলমান সহিংসতার অবসান ঘটাতে সরকারের সঙ্গে একটি চুক্তি করেছে মার্কিন সমর্থিত কুর্দি জোট। এ চুক্তির আওতায় সরকারের সঙ্গে সংলাপে বসবে কুর্দি জোট এবং সহিংসতার অবসান ঘটানোর পথ খুঁজে বের করবে।

চলতি সপ্তাহের গোড়ার দিকে সিরিয়ান ডেমোক্র্যাটিক কাউন্সিল বা এসডিসি-কে সরকারের সঙ্গে আলোচনার জন্য দামেস্কে পাঠানো হয়। এসডিসি হচ্ছে মার্কিন সমর্থিত কথিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ’র রাজনৈতিক শাখা। এসডিএফ হচ্ছে মার্কিন সমর্থিত কুর্দি অধ্যুষিত গেরিলা সংগঠন যারা সিরিয়ার ভেতরে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।

এসডিএফ গেরিলারা (ফাইল ফটো)

এসডিসি গতকাল (শনিবার) এক বিবৃতিতে বলেছে, তারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সঙ্গে আলোচনা করে একমত হয়েছে যে, গণতান্ত্রিক ও বিকেন্দ্রীকৃত সিরিয়া প্রতিষ্ঠার ব্যাপারে একটি রোডম্যাপ তৈরি করতে কমিটি গঠন করা হবে।

প্রেসিডেন্ট আসাদ সম্প্রতি ঘোষণা করেছেন, তিনি সিরিয়ার কুর্দিদের জন্য আলোচনার দরজা খুলে দিচ্ছেন। এরপর কুর্দিরা পূর্ব ফোরাতের নিয়ন্ত্রণ সরকারের হাতে তুলে দেয়ার প্রস্তুতির কথা জানায়। মানবিজ ও আফরিন শহরে কুর্দিদেরকে মার্কিন সরকার সমর্থন দেয়া বন্ধ করলে তারা একরকম হতাশ হয়ে পড়েছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯